গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫

ত্রিভুবনজিৎ মুখার্জী


হ্যাপি নিউ ইয়ার


১ লা জানুয়ারি ২০১৫ । সকাল থেকে বৃষ্টি লেগে আছে । কিন্তু ফ্লোরিষ্টের দোকানে ভিড় কিছু কম দেখলাম না । বাড়ীর কাছের “মা তারা ফ্লোরিষ্ট” এর কাছে গিয়ে দেখি দোকানে বেশ ভিড় । সকলেই ফুলের তোড়া কিনছে । কেউ দামি বুকে , কেউবা শুধু ফুলের তোড়া । যে যার সামর্থ্য অনুযায়ী কিনতে ব্যস্ত । একটি ছোট্ট ছেলেকে হাতে এক টাকার একটি কয়েন নিয়ে এগিয়ে আসতে দেখি । ছেলেটিকে দেখে আমার কৌতূহল হল। ভিড় ঠেলে ও কিছুতেই যেতে পারছে না । ছেলেটি বলে, ‘একটা গোলাপ ফুল এই টাকাটা নিয়ে আমাকে রতন কাকুর কাছথেকে এনে দেবেন’ ?
আমি বলি রতন কাকুকে তুমি চেন ?
হ্যাঁ । উত্তর করে ছেলেটা ।
জিজ্ঞাসা করি ‘কোন রঙের গোলাপ চাই তোমার’ ?
ও বলল ‘সাদা’ ।
আমি বলি সাদা কেন ?
ছেলেটা বলে, ‘তা এখন বলতে পারবো না । দেবেন ত ফুলটা এনে’ !
দেখি ! তুমি দাঁড়াও , আমি এনে দিচ্ছি ।

বেশ কিছুক্ষণ পর একটা ফুলের বোকে আনলাম । তাতে সাদা গোলাপ ফুল ছিল । আমি ওখান থেকেই একটা বার করে রেখে দিতে বলি রতন কে । ছেলেটিকে ওর টাকাটা ফিরিয়ে দেব । রতন বাইরে ছেলেটিকে দেখে বলে ও নেবে না আপনার কাছ থেকে ওই ফুল , আমি আলাদা দিয়ে দিচ্ছি । নিন ওকে দেবেন । এক টাকা দিন । এই নাও বলে আমি এক টাকার একটা কয়েন দি রতন কে । মনে মনে ভাবি তবে রতন ওকে চেনে!

ফুলের তোড়া হাতে ফিরে আসি , ছেলেটিকে তার ফুল দিয়ে দি । আমি বলি , তুমি আমাকে তোমার বাড়ীতে নিয়ে যাবে ? ছেলেটির চোখ আমার মুখের ওপর স্থির ছিল । কিছুক্ষণ কি ভাবল কে যানে বলল , চলুন । কাছেই একটা ছোট্ট ঘরে আমাকে ছেলেটি নিয়ে গেল । বলল, আঙ্কল আসুন । আমি মন্ত্রমুগ্ধের মতন ওর সঙ্গে গেলাম । দৌড়ে গিয়ে হাতের ফুলটা বিছানায় শোয়া এক তরুণীকে দিল । তারপর বলল , “হ্যাপি নিউ ইয়ার দিদি” । তরুণীটি ছেলেটিকে জড়িয়ে ধরে বলে "হ্যাপি নিউ ইয়ার‘সানু" ।

ওদের ভাই বোনের এই মুহূর্তটা দেখে আমি আশ্চর্য হলাম । আরও আশ্চর্য হলাম যখন দেখি তরুণীটির দুটো পা পোলিও তে অকেজো । বিছানা থেকে উঠতে খুব ই কষ্ট হচ্ছিল তার । আমি নিজের হাতের ফুলের তোড়াটা ওখানে তরুণীটির হাতে দিয়ে বলি “হ্যাপি নিউ ইয়ার” ।
মেয়েটি উত্তর দিল ‘হ্যাপি নিউ ইয়ার’। কিন্তু আপনাকে ঠিক চিনলাম না ! সানু বলে , উনি 'আঙ্কল' ।

আমি দ্রুত পায়ে ওখান থেকে ফিরে আসি ভারাক্রান্ত মনে । নতুন বছরে মনটা খারাপ হয়ে গেল । জানি না কেন । ওরা ত আমার কেউ নয় । তবুও যেন কত আপনার ! আমার নিজের ছেলে মেয়ে বলে মনে হল । ঘর সাজানোর জন্য ফুলের তোড়া নিতে আর ইচ্ছে হলনা ।