গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

শনিবার, ৭ জুলাই, ২০১৮

রুখসানা কাজল

ও বিধি কি হইলো রে

ইশকুল থেকে ফেরার পরেই ইঁদারার চাতালে ফেলে মা আমাদের প্রতিদিন ধোলাই মোছাই করে নিয়ে তবে ঘরে ঢুকতে দেয়।ইশকুল ড্রেস, জুতামোজা চলে যায় রেনুদির হাতে। এ সময় রেনুদি দু একটা  চোরা মার মেরে দেয়। বিশেষকরে আমাকে। মা দেখেও না দেখার ভান করে শুকনো  কাপড় হাতেবারান্দায় বসে থেকে নির্দেশ দেয়, কানের নিচটা ভালো করে ডলে দে রেনু। কেমন প্যাচড়া হচ্ছে চারপাশে। বাচ্চাদের নোংরা রাখলেই এসব হয়। দেখিস আমার বাসায় যেনো ওসব পচাধচাঅসুখ না ঢোকে । আর হ্যা কাল কিছু নিমপাতা সেদ্ধ করে দুটোকে ভালো করে ধুয়ে দিবি।
রেনুদি ভালো করে আমার দু কান ডলে লাল করে ফেলে। আমি জোরসে চেঁচাই , মা মা রেনুদি ইচ্ছে করে ব্যাথা দিচ্ছে। মা আর রেনুদি হেসে উড়িয়ে দেয় আমার চেঁচানি । ওরা জানে এটুকু ব্যাথায় আমার কিচ্ছু হয় না। প্রায়ই আমার হাত ভাঙ্গে, মাথা ফাটে, পা মচকায়। আমি তাই নিয়েই খেলতে নেমে যাই। খেলতে না নিলে অন্যদের খেলা পন্ড করে দিই। ব্যাথা বেদনা বলে আমার কিচ্ছু নাই। যা করছি সব ভান!
পাত্তা না পেয়ে এবার আরো জোরে চেঁচাই , ইশকুলেই তো ছিলাম। আদাড়ে তো ছিলাম না।
মা লম্বা নাকটা হাসিতে ঝলমলিয়ে বলে ওঠে, হুম তাই তো ! আর ইশকুল ফেরত যে প্রায়দিনকালিবাড়ির আদাড়ে নামো সে কথা বুঝি আমরা জানি না তাই না !
সারাদিন ঘরে থেকেও মা যে কি করে সব কথা জেনে যায় কে জানে! একদম সত্যি সত্যি কালিবাড়ির আদাড়ে নেমেছিলাম। দুর্গার গলার সোনারং মাটির হারটা খুঁজতে। পাইনি। মাটি যে এত তাড়াতাড়ি গলে যায় তা কে জানত!
মা প্রায়ই বলে আমার একটা গোপন চোখ সবসময় তোমাদের পেছনে থাকে। কি করছ, কোথায় যাচ্ছ সব জেনে যাই আমি বুঝেছ।
দুপুরে মা ঘুমুলে আমি মার মাথার চুলের ভেতর, ঘাড়ে, পিঠে,পায়ে তন্ন তন্ন করে খুঁজেও সেই গোপন চোখ খুঁজে পাইনি। মাঝে মাঝে আমরা তাই মুখোশ পরি। চুরি করে কিছু খেতে গেলে, নিতে গেলে, ছিঁড়লে, ভাংলে ভাইয়ার সামনে আমি দাঁড়াই । আবার ভাইয়া দাঁড়ায় আমার সামনে। এই বুদ্ধিতে কিছুটা লাভ হয়েছে। মা অনেক কিছুই জানতে পারে না এখন।
কিন্তু আজকের দুপুরটা যেনো কি রকমের। থোপ থোপ অস্বস্তি জমে আছে আমাদের বাসার এখানে সেখানে। মা আমাকে আর ভাইয়াকে পেট ঠেসে খাইয়ে আজ আর অংক করতে বলে না। বাংলা ইংরেজি হাতের লেখাও করায় না। বরং অন্যমনস্কভাবে আমাদের চুল আঁচড়ে দিয়ে ভেজা ভেজা গলায় বলে, তোমাদের বুজির শরীর খুব একটা ভালো নয় গো। এখন তখন অবস্থা।   তোমরা ছোটকার বাসায় চলে যাও।তেমন কিছু ঘটলে সাথে সাথে খবর করে দিও তোমার  বাপিকে।
বুজি থাকে আমার ছোটকার বাসায়। আমার ছোটকাকি অসম্ভব কৃপণ, স্বার্থপর আর মুখরা। প্রায় দিন তাতারি ফুপির সাথে ঝগড়া করে পাড়া মাথায় করে রাখে। মা ছোটকাকিকে কিছু না বলে  তাতারি ফুপিকে ধমকায়, তুই জানিস যখন, তখন যাস কেনো ঝগড়া করতে?
তাতারি ফুপি তখন হেসে ফেলে, সত্যি বড়ভাবি ফজলুটা যে কিভাবে এই বউয়ের সাথে ঘর করে। মা তাতারি ফুপির হাতে চা দিতে দিতে বলে, না করে উপায় আছে ! তোমার বন্ধুর যে দু পয়সার আয়! অন্তত সংসারটা ত বেঁধে রেখেছে বউটা।
ফজলু আমার ছোটকা। স্থানীয় সরকারি কলেজের একাউন্টেড। স্কলারশিপ পেয়ে কেউ খুশি হয়ে মিষ্টি খেতে দিলে ষ্টীলের টিফিন বক্সে ছোটকাকির জন্যে তুলে রাখে। কখনো দুটো সিঙ্গারার একখানা।  দুজনের ভাব ভালোবাসার কোনো অভাব নেই। মা জানে বলেই তাতারি ফুপিকে উলটে বকে দেয়। তাতারি ফুপি দুঃখী মানুষ। একটি চলন্ত লাইব্রেরির সাথে ফজলুর চাইতে বেশি বেতন পেলেও আর যাই হোক ঘর করা খুব সহজ কথা নয়। ময়েন স্যার বই ছাড়া কিছুই বোঝে না। বুঝতে চায়ও না। তাতারি ফুপি তাই শিমূল তুলার মত ভেসে ভেসে বেড়ায় ।
আমরা জানতাম এই দুপুরে ছোটকার বাসার গেট বন্ধ থাকবে।  আর ধাক্কিয়ে গেট খুলে বাসায় ঢোকার সাহস ছোটকারও নাই। এ সময় ছোটকাকি্মা ঘুমোয়। আমি আর ভাইয়া তাই বাসার পেছনে তারকাঁটার বেড়ার কাছে চলে যাই।  ভাইয়া তারকাঁটা উচু করে ধরে, আমি বাগানে ঢুকে পড়ি । এভাবে এবারভাইয়াও ঢুকে পড়ে। বাগানের এখানে তিনটে বরই গাছ তিনদিক দিয়ে বেড়ে উঠেছে। বরই হয় ঝেঁপে। ইয়া বড় বড়। মিষ্টি টক। পাড়া প্রতিবেশি যাদের সাথে ছোটকাকির ভাবভালোবাসা তাদের পরিবারের সদস্য সংখ্যা গুণে গুণে ছোটকাকি বরই পাঠিয়ে দেয়। যাদের সাত জন , তাদের সাতটা বরুই। জীবনেও আটটা কিম্বা ছটা দেবে না। ভুলেও না। কে কি বল্ল তাতে ছোটকাকি মোটেও কান দেয় না। পরিষ্কার বলে দেয়, এই যে মুস্তারির মা, কাজ কাম কিছু নাই নাকি যে অন্যের পেছনে ঘুচঘুচানি করছ!  আমি না খেয়ে থাকলে তুমি কি আমারে খাওয়াবেনে নাকি হ্যা ! ভালো হয়ে যাও আরনিজের সংসারে তেল দাও গে যাও।
ভাইয়া আর আমি বরই গাছের নিচে ঝরা বরই খুঁজি । মনে বড় আশা  একটাও কি পাবো না!  ভাইয়া খুঁজতে খুঁজতে  বুজির ঘরের দিকে চলে  যায়। কয়েকটা পুরনো টিন দিয়ে বুজির জন্যে ঘর বানিয়ে দিয়েছে ছোটকা। একটা কাঠের পাটাতন। মোটা তার দিয়ে কয়েকটা তাক বানিয়ে দিয়েছে কাপড় চোপড় এটাসেটা রাখার জন্যে। আমরা জানি বুজির কাছে তেমন কিছুই থাকে না।কোনো কৌটায়  হয়ত সামান্য গুড়, একটু চিনি। কয়েকটা বিস্কুট, দানাদার। মুড়ি চিড়ে। কিছু খই মুড়কি  আর তার ভেতরে দুএকটা তক্তি, বাতাসা।
বুজির কাছে গেলে বুজি এগুলো থেকে আমাদের খেতে দেয়। আর শীর্ণ, রগ ওঠা, হাড্ডি সর্বস্ব হাত দিয়ে আমাদের গায়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, ও দাদু পড়ালেখা শেষ হলে চাকরি করেআমারে একখান মোটা চাদর,  উলের মোজা ,বাটার জুতো আর এক গামলা ভাত খাওয়ায়বেনে  তো দাদুসোনারা। তোমার মার হাতের সরপুঁটি মাছ ভাঁজা আহা একেবারে অমৃত যেনো! সেই কবে খেয়েছি। ছোটবউমা সেবার ভেঙ্গেচুঙ্গে এই ইট্টুসখানি দিয়েছিল থালার পাশে।
বুজির শীর্ণ হাতে ভাঙ্গাচুরা সরপুঁটি মাছের কল্পিত আকৃতি আমার দুচোখে গেঁথে যায়।
আর তার সাথে বুজির কথা শুনে কান্নায় আমার বুক দুলতে থাকে। আমরা ছোটরাও জানি,বুজিকে কিছু ভালো জিনিস খেতে দেওয়া যায় না। ছোটকাকি ছোঁ মেরে তুলে নিয়ে যায়।ছোটকাকির যুক্তি, এসব খেয়ে অই বুড়ি পেট খারাপ করলে কেদেখবেনে শুনি! কে আসবেনে তখন বুড়ির কাঁথা কিচেড় ধুয়ে দিতে !চিনি চিনি। সবাইকেই চেনা আছে আমার! নিদানকালে কে কার আপন তা ভালো করেই জানি আমি।
আমরা বাসায় গিয়ে মা বাপিকে ধরি, বুজিকে নিয়ে এসো। নিয়ে এসো।  আমাদের বাসায় থাকবে। বুজি তো আমাদেরও বুজি। ও বাপি বুজির খুব কষ্ট হচ্ছে গো।
মা বাপি বুজিকে আনতে পারে না। বুজিই আসেনা। ফজলু তার পেটের ছেলে নয় কিন্তু দিন শেষে যখন মা মা করে ঘরে ফেরে ছোটকা, একসাথে বসে চা খায় বুজি তখন সব দুঃখ ভুলে যায়। এই আনন্দটুকু ছোটকাকি কিছুতেই ছোটকার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেনি। যেদিন ছোটকাকি বাড়াবড়ি করে ছোটকা সেদিন চলে যায় পাওয়ার হাউসে। সেখানে আমাদের বংশ পরম্পরা বাড়ি ছিল। সেই বাড়ির পুকুরঘাটেভাঙ্গা সিঁড়িতে জমিয়ে বসে ছোটকা ইঞ্জিনীয়ার, টেকনিসিয়ান, মিস্ত্রীদের সাথে কয়েক কাপ চা উড়িয়ে দেয় ততক্ষণে। ছোটকা আবার পেটুক রসিক। খাবার পেলেই রসিকতার তুফান ছুটিয়ে দেয়।
এদিকে ছোটকাকি হার মেনে বুজিকে ধরে বসে, আম্মা আপনি যান। আপনার ছেলেকে নিয়ে আসেন। বুজি গেট খুলে মেইন রাস্তা  অব্দি লাঠি ঠুকঠুকিয়ে সামান্য এগোলেই কেউ একজন ছোটকাকে খবর পাঠিয়ে দেয়। আর ছোটকা সব গল্প, চালিয়াতি, রসিকতা ফেলে শিশুর মত হাসতে হাসতে ছুটে আসে।
অনেক সময়ই লুকিয়ে চুরিয়ে বুজির জন্যে এটাসেটা কিনে এনে ছোটকা মিথ্যে করে বলে, তাতারি পাঠালো বুঝলে। যাই আম্মাকে দিয়ে আসি। নইলে জিগ্যেস করলে মান সন্মান চলে যাবেনে। তাতারিকে ত তুমি ভাল করেই চেনো!
সেরের উপরেও সের থাকে। ছোটকাকি আপাত গবেট, কমবুদ্ধির সরল গাম্বাট ছোটকার চালাকি ধরতে পারে না তাতারিফুপির ভয়ে। ওদিকে ছোটকাও ছোটবেলার বন্ধু তাতারি ফুপিকে আগে থেকেই শিখিয়ে পড়িয়ে রাখে। তাতারি ফুপি  যখন যেদিন ছোটকাকিকে ধরে তখন একেবারে খাল চামড়া ছিলেদেয়। ছোটকাকির দুই ভাই ফিজুমিজু, যাদের শহরের অনেকেই ইয়াজুজ মাজুজ বলে ডাকে তারাও তখন লেজ গুটিয়ে এদিক সেদিক পালিয়ে যায়।
আমি আমরুল গাছের ঝোপে একটি লাল বরই পেয়েই প্যান্টে মুছে মুখে চালান করে দিই। এয়া ভ্যাক। থু! থু! পচা বরুই। কবে ঝরে পড়েছিল কে জানে। ছোটকাকির শকুন চোখে ধরা পড়েনিবরুইটা। থু থু করে পচা বরুইয়ের বিজলে ফেলছি, এসময় ভাইয়া ডাক দেয়, ছো ছো ছো ছোটন!
আমি বিশ্রি মুখ জিভ দিয়ে এপাশ ওপাশ গুলগুল করতে করতে এগিয়ে যাই, কি হয়েছে রে।
কে যেনো এসেছে। বুজির ঘরে গেল। অই দেখ বুজির দরোজা খোলা।
তাই তো। বুজির দরোজা কেমন দুলে দুলে খুলে গেছে। সিওর রুমাফুপি এসেছে। রাজাকার পরিবারে বিয়ে হয়েছে বলে আমাদের সাথে সম্পর্ক নেই বললেই চলে। কিন্তু ফুপি আসে। আবোল তাবোল একগাদা কথা বলে বাড়ি গরম করে তোলে । বাপির পানি খাওয়ার দামি ধাতব ঘটিটা ছোঁ মেরে নিয়ে ইঁদারার কাছে বসে ঝকঝকে করে মেজে ধুয়ে কাঁসার ট্রের উপর ঠং করে রেখে মাকে দু চারটে কথা শুনিয়ে দুমদাম করে চলে যায়। মা হাসে। আমরা বুঝি এই ভাবেই পরিবারে বিচ্ছিন্নতা আসে। ফুপি আর তার ছেলেমেয়েরা কখনো আমাদের ভাইবোন হতে পারবে না। ওরা বলে, বাংলাদেশ জিন্দাবাদ। জয় বাংলা নাকি জয় হিন্দের নকল ! ক্ষমতা আর ধনীর ঘরে ফুপি সারাক্ষণ পাটিসাপটা পিঠের মত ল্যাদিয়ে পেঁচিয়ে থাকে। 
আমি ভাইয়ার হাত ধরে চমকে উঠি। কি ঠান্ডা। রোমকূপগুলো ফুলে ফুলে উঠেছে উচ্ছে করলার গায়ের মত। ওরবুকে থু থু দিতে দিতে বলি, ভয় পাসনে ভাইয়া। ভেতরে হয়ত রুমাফুপি আছে। কলেমা জানিস তো। পড়, লা ইলাহা ইল্লালাহু মোহাম্মাদের রাসুল্লালহু। লা ইলাহা –
কলেমা পড়তে পড়তে দরোজার কাছে গিয়ে এবার আমারো ভয় লেগে যায়। ঘরে কেউ নেই। বুজির শুকনো বিবর্ণ জিভ চিবুকের উপর বেরিয়ে এসে লকলকিয়ে কাঁপছে।  রহিম বেদের শঙ্খচূড় সাপের মত দুলে দুলে উঠল জিভটা। কয়েক লহমা মাত্র। এ সময় সরসর শব্দ করে মনে হলো কে যেনো চলে গেলো। এদিক ওদিক তাকাই। ভাইয়া বলে, শুনেছিস? সরসর ? কেউ চলে যাচ্ছে !
আর তখুনি একটা মৃদু বাতাস এসে বুজির ঘরের দরোজা আস্তে আস্তে বন্ধ করে দেয়। আমরা ভয়ে তারকাঁটার বেড়া সরিয়ে কি করে যেনো ছুটে বেরিয়ে আসি।  ছোটকার বাসা আর আমাদের বাসার মাঝখানে বাপির ফার্মেসি। ছুটে এসে বাপিকে বলি, বাপি বাপি বুজির জিভ বেরিয়ে পড়েছে এই এত্তবড় হয়ে।  সাপের মত কাঁপছে । শিগগীর চলো। চলো চলো। এখুনি চলো।
বাপি বোধহয় কোনো কবিতা লিখছিলো। হতবিহবল হয়ে বসে থাকে। শচিনকাকা বাপিকে তুলে দেয়, যান ভাইজান। মনে হয় সব শেষ হয়ে গেছে এতক্ষণে। 
কাকুই আমাদের পাঠিয়ে দেয় অন্য চাচা ফুপিদের বাসায়, যা খবরটা দিয়ে আয়। সবাইকে এখুনি  অই বাসায় আসতে বলে আয়।
আমরা উর্ধ্বশ্বাসে ছুটে ছুটে কলেজপাড়া, গোহাটাঘুরে ঘুরে সবাইকে জানিয়ে আসি। সেজোকাকা ছেলের প্যান্টের বোতাম লাগাচ্ছিল। বোতামের ঘরে সুঁই ঢুকিয়ে হঠাত হো হো করে কেঁদে ফেলে। অবাক হয় সবাই। এই সেজো জীবনে কোনোদিনবুজির খোঁজ নেয়নি। বছরের পর বছর রাগ অভিমান পুষে রেখেছে মনে।  কেনো বুজি তার ভাগের সব জমি ছোটকাকাকে দিয়ে দিলো তাই! ফজলু যেমন সৎ ছেলে, সেজোও ত তেমনি সৎ  ছেলে!
হাত পা মুখ নেড়ে সেজো আমার মাকে বলত, বুঝলে বড়ভাবি সৎ মা সবসময় সৎ মাই হয়। আমার কত অভাব। কতগুলো ছেলেমেয়ে।
মা উলটো দিকে কথা ঘুরিয়ে কথা বলত, তুই ত অশিক্ষিত মুর্খ। এতগুলো বাচ্চাকাচ্চা কে নিতে বলেছিল তোকে! এক মুখ সোনা দিয়ে ভরা যায়। দশ মুখ ছাই দিয়েও ভরা যায় না শুনিস নি বুঝি। মানুষ দেখেও তো শেখে! আর তুই!
সেজোকাকি কখনো বেড়াতে এলে মা বেশি করে বকা দিত, উদোমসুদোম কিছু নাই নাকি তোমার। স্বামির অই ত আয়। বছর বছর বাচ্চা বিয়েচ্ছো। কেবল শুতে জানলে হয় না বুঝলে!
দশ বাচ্চা নেওয়ার পর মা সেজোকাকিকে অপারেশন করিয়ে আনে। পরিবার পরিকল্পনা অফিসের বিনীতা মাসি্র হাসতে হাসতে সেদিন চোখে পানি এসে গেছিলো, ও বড়ভাবি তবু তো কটা জন্ম ঠেকানো গেলো কি বল তুমি!
মা ভ্যানিটি ব্যাগ তুলে নিতে নিতে বলেছিল, তোদেরও বলিহারি বিনু। মানুষকে মোটিভেট করা তো জানতে হবে। এরা তো বিশ্বাস করে, মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি। এদিকে ছেলেপেলেরা তো ইশকুল টিশকুল ছেড়ে ফাউ উপার্জন শিখতে নেমে গেছে। এর গাছের লাউ, ওর গাছের কুমড়ো চুরি করছে। তোরা প্রপার ওয়েতে কাজ করছিস নে কিন্তু বিনীতা !
ছোটকার উঠোন ভরে গেছে মানুষ আর মানুষে। ছোটমানুষের মত কাঁদছে ছোটকা। এই মর্মান্তিক দুঃসময়ে উঠোনভর্তি মানুষের সামনে রুমাফুপি ছোটকাকে খোঁচা দিয়ে কথা শোনায়। তাতারি ফুপি  ধমক দেয়, তুমি কি করেছ রুমা ? একদিনও ভাল কিছু রান্না করে চাচিমাকে খাইয়েছ ? একাত্তরেও তোমরা লুটে খেয়েছো, এখনো লুটে খাচ্ছ। গরীবকে সুযোগ পেলে সবাই কথা শোনায়। সরো সরো। সরে যাও এখান থেকে ।
তাতারি ফুপি আর ছোটকাকি  বরই পাতা সেদ্ধ করে সেই পানিতে বুজিকে গোসল করিয়ে নতুন কাপড়ের কাফনে মুড়ে দিয়েছে। মসজিদ থেকে কফিনবাহি দোলা এসেছে। বাপি, সেজো, ছোটকা দোলার তিন পা কাঁধে নিয়ে দাঁড়াতেই তাতারিফুপির বর ময়েন স্যার এসে দোলার চতুর্থ  পা কাঁধে তুলে নেয়।  ময়েন স্যারের সাদা লুঙ্গী সাদা পাঞ্জাবী। বাপির চিরকালের খদ্দর । ছোটকার বাসার কাঠের গেট পেরিয়ে কফিন রাস্তায়নামতেই ছোটকা কলেমা না বলে, আল্লাহু আকবর না  বলে, ইন্নাললিল্লাহ দোয়া না পড়ে  হাউ হাউ করে জোরে কেঁদে ওঠে, আম্মা আম্মাগো! আমারে মাফ করে দিও গো আম্মা।
সেই সাথে আমরাও  হাপুস হয়ে কাঁদতে থাকি। এখন বুঝতে পারছি, বুজিকে আর কোনোদিন আমরা দেখতে পাবো না। মার হাতে পাখার ডাঁটির মার খেয়ে আর কোনদিন বুজির কাছে নালিশ করা যাবে না।  বুজিরে ও বুজি!  আপনি জেতা হয়ে আবার ফিরে আসেন গো বুজি।
সেজো ছোটকাকে সান্ত্বনা দেয়, কাঁদিসনে বাচ্চু। তওবা পড় ভাডি। শেখের মেয়ের গুণাগাতি মাফ করে  আল্লাহ যেনো তারে জান্নাতবাসি করে নেয়। বড় কষ্ট দিয়েছি আমরা তাকে।
বুজিকে একমাত্র ছোটকাই আম্মা বলত। আমার দাদার তৃতীয় স্ত্রী এই বুজি। প্রথম স্ত্রীর ঘরে বহু বছর সন্তান না হওয়ায় নিজে দাঁড়িয়ে থেকে আমার দাদিমা দাদাকে বিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় স্ত্রী ভাল ঘর, নামকরা পরিবার। নীলার মাঠের কাছে সেই দাদির বাড়ি। পরির মত দেখতে। বয়স্ক আর দোজবর জেনেও কেন যে তারা বিয়ে দিয়েছিল কে জানে! হয়ত বাবা মা ছিল না এজন্যে। খুব কুঁদুলে ছিল পরিদাদি। দাদাকে কিছুতেই প্রথম স্ত্রীর কাছে যেতে দিতে রাজী ছিল না। দাদাও প্রথম স্ত্রীতে এমন দিওয়ানা ছিল যে পরিদাদির মনে হয়েছিল বিয়ের নামে তাকেঠকানো হয়েছে।
আর কি আশ্চর্য এতদিনে যা হয়নি তাই হতে শুরু করল। প্রথম দাদির পর পর চারটে ছেলে হয়ে গেলো। বাপি, মেজকা, সেজকা, ছোটকা। সব ছোট ছেলে ফজলু জন্মের পর প্রথম দাদি আর বিছানা ছেড়ে ওঠে বসতে পারলা না। কয়েক বছর ভুগে দাদি যখন মারা যায় তখন ছোটকার বয়েস চার কি পাঁচ হবে।  এরপরেও পরিদাদি কিছুদিন সংসার করেছিল। কিন্তু দাদা নাকি তেমন ফিরেও তাকাতো না। একদিন বাপের বাড়ি যাওয়ার কথা বলে সেই দাদি চলে গেলো। আমার বাপি, মেজকা, সেজকা অনেকবার ফিরিয়ে আনতে চেয়েছে। কিন্তু উনি আসেননি। বরং এক বছরের মাথায় পরির মত সুন্দরী দেখতে রুমাফুপিকে বাপির কোলে দিয়ে বলেছিল, আর আসবি না তোরা। তোদের বোন তোদের দিয়ে দিলাম। আর শোনআমি এদেশ ছাড়ি চলি যাতিছি।
সত্যিই চলে গেছিল পরিদাদি। ইরাক, ইরান, নাকি পাকিস্তান কে জানে। রুমাফুপি বহু খুঁজেছে পরিদাদি ধরা দেয়নি।
মায়ের পায়ের কাছে বসে রুমাফুপি অনেক কেঁদেছে , এমন মানুষও হয় বড়ভাবি!
মা গল্পের বই পড়তে পড়তে সহজ করে বলেছে, হবে না কেনো ? অনিচ্ছুক বিয়ে অনিচ্ছুক সন্তান। মেয়ে হলেই যে কেবল মা হতে হবে এমন কেনো নিয়ম আছে নাকি রে রুমা ? কোনো কোনো মানুষ তার মন দিয়েও জীবন চালায়।
রুমাফুপি গাড়ল, লোভি। ভিতুর ডিম। শ্বশুরবাড়ি থেকে নিয়ম করে দিয়েছে , ফুপির একটি ছেলেমেয়েও যেনো আমাদের বাসায়নাআসে। যদি ওরা বাঙ্গালিয়ানা শিখে যায়। রুমাফুপির শ্বশুর তো ভেচরে ভেচরে বলেই দিয়েছে, তোমার বড়ভাইকে জবাই করা দরকার। নাস্তিক একটা। পয়লা বৈশাখ পালন করে হিন্দুদের মত। বেশ্যাদের মত মেয়েদের নাচগান শেখায়। আবার নামাজ পড়ে। দু নম্বুরে জালি মুসলামান।  
বাপিরা আকাশের চাঁদ হাতে পেয়েছে এই ভেবে বোনকে নিয়ে ফিরে এসেছিল বাসায়। বাপিদের বংশে মেয়ে জন্মায় না। রুমাফুপি সেই দুর্লভ রাজকন্যা। ভাইরা ইশকুলে যায় না, পড়াশুনা করেনা, ঠিকমত খায় না, ঘুমোয় না সারাক্ষণ বোনকে ঘিরে থাকে। এ অবস্থায় কেউ দাদাকে আবার বিয়ে করার পরামর্শ দেয়। সংসার তো দেখতে হবে!
সেই সুবাদে বুজি আমাদের তৃতীয় দাদি। একেবারেই গরীবের মেয়ে। তিনবেলা ভাতের জন্যে এই  বিয়ে।  প্রথম প্রথম নাকি তিনজনের ভাত একাই খেতো বুজি। দাদা ভুলেও কোনদিন তাকিয়ে দেখেনি বুজিকে। ছেলেদের নিয়ে কলকাতা থাকত। আর আগ্রা, তাজমহল, কুতুব  মিনার,  বেনারস, পুরি ঘুরে ঘুরে বেড়াত।  কিন্তু বুজির কোন অভিযোগ ছিল না এ নিয়ে । বুজির কোলের ভেতর রুমাফুপি, হাতের উপর ছোটকা ঘুমিয়ে থাকত। বাপি, মেজকা, সেজকা বুজিকে কখনো কোনদিন  মা বা আম্মা বলে কিছুই ডাকত না। একান্তই কিছু বলতে হলে বলত,  এই যে শেখের মেয়ে।  বুজি তাতেই গলে যেতো।
আজ যখন জানাজায় বুজির স্বামির পরিচয় দিয়ে নামাজ শুরু হলো, বাপির চোখ চিকচিক করে উঠল বেদনায়। আহা রে জীবন। এক থালা ভাত , দুটি মোটা জামাকাপড়ের জন্যে এদেশের কত মেয়েকে এভাবে জীবন বলি দিতে হয়েছে। জানাজার নামাজের ফাঁকে বাপি চকিতে প্রতিজ্ঞা করে তার মেয়েদের তিনি কখনো কেবলমাত্র ভাত কাপড়ের জন্যে বিয়ে দেবে না। মেয়েরা হবে স্বাবলম্বী। বিবি খাদিজা রাঃ এর মত স্বয়ম্বরা, স্বমত পোষণকারী । বিবি আয়শা রাঃ এর মত তেজি। যুক্তিশীল। তিনি মেয়েদের পড়াবেন। তার মেয়েরা চাকরী করবে।
আসরের নামাজে জানাজা শেষ করে বুজিকে নিয়ে ওরা গোরস্থানের দিকে চলতে শুরু করে। সারাপথ দোয়া দরুদ, তওবা পড়ে সবাই।  আমরা কবরযাত্রীদের পেছন পেছন ছুটে গোরস্থানের গেটের বাইরে দাঁড়িয়ে থাকি । ভাইয়া হাত ধরে টানে, চল। ভেতরে যাই।
আমি যাইনে। কি যে ভয় লাগে আমার । একটা গা গুলানো পচা গন্ধ ভেসে আসে গোরস্থানের ভেতর থেকে। গেট বেয়ে উপরে ওঠে দেখি কিছু কবর দেখা যাচ্ছে। হাস্নুহেনা গাছে ফুল ফুটেছে। কয়েকটা গন্ধরাজ গাছ।  বাঁশের বেড়া ভেঙ্গে পড়েছে। ভাঙ্গাবেড়া জুড়ে মাধুরীলতা ফুল ফুটেছে। দু একটা কবর কেমন গর্ত গর্ত । রাতে নাকি শেয়াল কুকুর এসে লাশ টানাটানি করে। আবার আত্মারা ঘুরে বেড়ায় গোরস্থানের আশেপাশে। গা ছমছমিয়ে ভয় লাগে আমার।
গোর খোদক ইমান আলিচাচা চকচকে কোদাল নিয়ে ঢুকে গেলো গোরস্থানে। আমি ভাইয়াকে বলি, চল ভাইয়া।  আমার ভয় লাগছে। সন্ধ্যাও হয়ে এসেছে। এখুনি মাগরিবের আজান পড়বে।
ভাইয়া জানে সন্ধ্যা হলে আমি খুব ভয় পাই। ও আমার হাত ধরে, দূর বোকা ভয় কিসের বলে বাসায় নিয়ে আসে।
মা রেনুদিকে বলে , দুটোকেই গোসল করিয়ে ঘরে আন রেনু। একটু আগুণ আর লোহা ছুঁইয়ে দিস।
ভাইয়া রেনুদিকে বলে, এক কাপ নুনপানি দাও রেনুদি। ছোটন ভয় পেয়েছে।
রেনুদি হেসে ফেলে, তোমার বোন যেমন শাসেডানি পদ্মরানি তার আবার ভয়। ও বড়কাকিমা চা বানাবো ?
মা এক কাপ নুনপানি এনে খাইয়ে দেয় আমাকে। তারপর ভাইয়ার মাথার ভেজা চুল নরম তোয়ালে দিয়ে মুছে দিতে দিতে বলে, তুই চা খেয়ে নে রেনু। তোরকাকা ফিরলে তখন আমাদের চা দিস।
মা আমার মাথা মুছিয়ে দেয় না। জানে ত সবাই আমার আসলে কোনো কিছুতেই কিছু হয় না। পানিতে ফেললে ভেসে উঠি, আগুনে পোড়ালে বেরিয়ে আসি। হাত পা ভেঙ্গে গেলে, কেটে গেলে, ছড়ে গেলেও আমার খেলা বন্ধ হয় না। কেবল ভয় পেলে আমার বেজায় ঘুম পায়। ঘুমুলে আর ভয় কিসের ! বিশাল বড় খাটে লাল কাঁথা গায়ে আমি শুয়ে পড়ি আর মনে মনে কলেমা পড়ি, লা ইলাহা ইল্লাল লাহু মোহাম্মাদুর রাসুল্লাহ। লা ইলাহা---
ভাইয়া আমার মাথার চুল মুছে দিতে দিতে সাহস দেয়, কি বোকারে তুই! আমি ঘুমে তলিয়ে যেতে যেতে ভাবি, ছোটকার বাসায় বুজির ঘরে সরসর করে কি আজরাইল ফেরেশতা নেমে এসেছিল ?  কাঠের দরোজা কেমন আপনাআপনি খুলে গেছিল। ভাইয়া টের পেলো, আমি কেনো বুঝলাম না ! ভাইয়া অসুস্থ বলে কি আজরাইল দেখা দিলো ভাইয়াকে?
ঘুমের ভেতর আমি স্বপ্ন দেখি, ভাইয়ার জিভ রহিম বেদের শঙ্খচূড় সাপের মত লকলক করে উঠছে। আর মা আমাদের শান বাঁধানো উঠোনে আছাড়ি পিছাড়ি করে কাঁদছে , ও বিধি আমার কি হইলো রে !
ভয়ে জেগে ঊঠি। না ভাইয়া আমার পাশে কুকড়ে মুকড়ে ঘুমিয়ে আছে। নাকের কাছে হাত দিই। নিঃশ্বাস নিচ্ছে। বুকের উপর হাত রাখি নাহ, বুক তো নিঃশ্বাসে ওঠানামা করছে। মাকে ডাকব,  দেখি বাপি কোরান শরীফ রেহেলে রেখে ভেজা গলায় মাকে বলছে, একেবারে এতিম ছিল। আর কি ভয়ঙ্কর গরীব ছিল যে ! কয়টা ভাতের জন্যে আমাদের পালতে এসেছিল শেখের মেয়ে। কোনোদিন কিছু চায়নি। রাবি আজকে আবার আমি সেই প্রতিজ্ঞাটা করলাম। মনে আছে কলকাতায় হেয়ার সাহেবের কবর ছুঁয়ে আমাদের প্রতিজ্ঞার কথা ? ছেলে হোক বা মেয়ে হোক আমরা সমান গুরুত্ব দিয়ে তাদের পড়াশুনা করাবো। যদি শুকনো মরিচ ডলে ভাত খেতে হয় তাও এই প্রতিজ্ঞা পালন করে চলবো !
আমি মার মুখটা দেখতে পাইনা। কেমন আলো আঁধারিতে বসে আছে মা। ভাইয়ার পিঠে হেলান দিয়ে আমি মাকে ভাল করে দেখতে গিয়ে দেখি মার মুখটা রাহুল সাংকৃত্যায়ণের ‘ভলগা সে গঙ্গা”  বইয়ের মলাটের মত লাগছে।
এই আমার মা। ছেচল্লিশের দাঙ্গায় এক হাঁটু হিন্দু মুসলিমের রক্ত উজিয়ে পালিয়ে গেছিল হাওড়ার বাড়ি ছেড়ে অনেক দূরের কোনো মুসলিম সংখ্যাধিক্য গ্রামে। সেখানে হিন্দুদের উপর অত্যাচারের কথা উঠলে মা খাঁড়া বঁটি হাতে  দাঁড়িয়ে বলেছিল, দাঙ্গাকারিদের আবার ধর্ম কি! তোমদের কুপিয়ে হিন্দুদের আমি বাঁচাবো।
আটচল্লিশে হাওড়ার বাড়ি ছেড়ে পূর্ব পাকিস্তান চলে আসার সময় একই গ্রামের সই মিনতি মাসিকে বলেছিল, দিয়াটা জ্বালিয়ে রাখিস মিনু। দেখিস একদিন আমরা সবাই আবার মানুষ হয়ে ফিরে আসবো। তখন ভাবতে লজ্জা করবে, আমরা তোদের মেরেছি। তোরা আমাদের মেরেছিস।
আমি ভাইয়ার পিঠ ঘেঁষে কুকড় মুকড়ে শুতে শুতে ভাবি, রাহুল সাংকৃত্যায়ন কি আমার মাকে দেখেছিল?
আমি সিওর! দেখেছিল

নীহার চক্রবর্তী

সাধনা কেবলম 

বেশ চেষ্টা-টেস্টা করে বিনু বারো ক্লাস পাস করলো এবার । ওর বাড়িতে কমবেশি সবাই খুশি । মা তো প্রচারে লেগে পড়েছে ।
সে যাহোক ।
বিনু কিন্তু প্রেমে বারবার ব্যর্থ । কোন মেয়েই শেষপর্যন্ত কথা দিয়ে কথা রাখে না । বিনু দুঃখ করে মাকে সব বলে । মা শুনে কষ্ট পায় ।
বলে,''কি আর করবি । সব কপালের ফের ।''
এতদিন বিনুর বাবা কিছুই জানতো না । 
একদিন বিছানায় প্রচুর উত্তেজনায় মা বলেই ফেললো বিনুর প্রেমে ব্যর্থতার সব কাহিনী ।
পরেরদিন সকালে বাবা বিনুকে কাছে ডাকল । বিনু একটু অবাক হল । ভাবতে থাকলো,বাবা আবার কী বলতে চায় ? পড়াশোনার মধ্যে আমি আর নেই । বললেই শুনবো ?
কিন্তু বাবা বিনুকে অবাক করে দিয়ে বলতে থাকলো,''প্রেমের কাছে পড়াশোনা কিছুই না । খুব কঠিন ব্যাপার । এ এক সাধনা । তা চেষ্টায় ত্রুটি রেখো না । তোমার মাকেও পেয়েছি বড় কষ্টে । সে আজ ইতিহাস । কিন্তু...''
যারপরনাই বিস্মিত বিনু বাবাকে জিজ্ঞেস করলো,''কিন্তুটা কী,বাবা ?''
''কিন্তু আবার কি । তোমার পড়াশোনা আর হবে না সে আমি বিলক্ষণ জানি । আর দরকারই বা কি । যেটুকু শিখেছ তাতে তুমি আমার ভুষিমালের ব্যবসা ভালোই বুঝবে । কাল থেকে দোকানে বসবে । কেমন ? সময় বার করে প্রেম কর । আমি বাধা দেবো না ।''
বাবার কথা শুনে বিনু হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারলো না । বাবার দিকে হাঁ করে চেয়ে থাক্রো কিছুক্লষণ । তারপর স্মিত হেসে বিনু ঘাড় নেড়ে বাবার কথায় সহমত হয়ে পাশের ঘরে চলে গেলো ।
পরে সব জেনে বিনুর মা একটু বিরক্তির সঙ্গে ওর বাবাকে বলল,''ওইটুকু ছেলে আমার ব্যবসা পারবে ?''
সঙ্গে-সঙ্গে সরোষে বাবা বলে উঠলো,''পারবে না ওর ঘাড়ে পারবে । প্রেমের মতো শক্ত ব্যাপার বোঝে আর ভুষিমালের ব্যবসা বুঝবে না ?''
তখন বিনুর মা এক-গাল হেসে উত্তর দিলো,''সে তো বটেই । তুমি তো দুই ব্যাপারেই মারাত্মক সফল । আমাকে কি পেতে ? আমার দাদার হাতের মার মনে আছে তোমার ?''
একথা শুনে বিনুর বাবার রাগ গলে জল ।
অনাবিল-হেসে বলল তাকে,''মনে করিয়ে দিলে তবে ? ঠিক আছে । দাদার আঘাত তার বোন আমাকে এখন আদর করে ভুলিয়ে দিক । চল দোতলায় । বিনু তো এখন একতলায় ।''
কিন্তু তাতে রাজী নয় বিনুর মা ।
সে খানিকটা মুখভার করে বলল তাকে,''আমিই আগে বিনুকে ব্যবসাটা বুঝিয়ে আসি । জানো না মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে ? আমার শিক্ষা শেষ । বিনু আর শিশু নেই । তাই সহজ-পাঠটা ওকে দিয়ে আসি ।''
 
বিনুর মা তারপরেই চলে গেলো পাশের ঘরে । বিনুর বাবা হাঁ করে তার যাওয়া দেখতে দেখতে একা-একা একচোট হেসে ফেললো ।
 
তখুনি বাগানে নতুন আম ধরা গাছ থেকে কোকিলের কুহুতান শোনা গেলো । সে হনহনিয়ে ছুটল তখন পাশের ঘরে ।


খাতুনে জান্নাত

নির্ঝরা


নির্ঝরা চিত্রপটের দিকে তাকিয়ে আছে । তের/সতের ইঞ্চির ক্যানভাসে  নিজের আঁকা চিত্রটি ইজেলে ভাসছে।চারটি স্ট্যান্ডে দাঁড়ানো কাঠের এ ইজেলের মাঝখানে ড্রয়ার যাতে রাখা যায় রঙ আর ক্যানভাসের নিচে আড়াআড়িভাবে তুলি। একটি কাঠের  পাতলা অংশ বেরিয়ে আসে একটা বোতাম টিপলে যাতে ব্যবহৃত তুলিগুলো দাঁড় করিয়ে রাখা হয় একটা পটে। ইচ্ছে করলে একে ভাঁজ করে বক্স বানিয়ে ব্রিফকেসের মতো নেয়া-আনা করা যায়। লন্ডনের আর্টের সরঞ্জামাদির দোকান ‘আটলান্টিস’ থেকে নব্বই পাউন্ড দিয়ে কিনেছে ইজেলটা।গত দশ বছর ধরে চলছে বিরামহীন আঁকাআঁকি। কয়েক হাজার ছবি।
বাইরে নিয়েছিল অনেকবার। টেমস নদীর পাড়ে। লন্ডন ব্রিজের কিনারা ঘেষে দেয়ালটা শেষ হয়েছে যেখানে। নৌকা আর নদীর ছবি ছিল সেটা। আরো মাইল্যন্ড পার্ক, কিউ গার্ডেন। কিউ গার্ডেন মানে প্রকৃতি। সাজানো অথচ সাজানো নয়। যেন খোলা প্রকৃতি অথচ পার্ক । ছিল একটা গ্রিন হাউজও যাতে বিভিন্ন দেশের ছোট গাছ ও গুল্ম সাজানো থরে থরে।এশিয়ার গ্রামের কচুশাক আর ঢেঁকিশাক আর বাগানের মাটি নির্ঝরার চোখে জল এনে দেয়।দেশের মাটিতে নাড়ি, দেশের মধ্যে শক্তি। নয়তো চোখে জল আসে কেন!  তাই তো এ ফিরে আসা মাটির গন্ধ শুঁকে  স্মৃতির হরিয়াল।

প্রবাসী পল্লীর কাছ থেকে কেনা তিন কাঠার তিন দুই অংশে করা রূপগঞ্জের গ্রাম বহুল্ত্এ বাড়িটির পঞ্চাশ -চল্লিশ ফিটের এ কক্ষটি নির্ঝরার ছবি আঁকার ঘর--আর্টিস্টগণ যাকে স্টুডিও বলে।রাত নিঝুম হলেই ঘুমের ফাঁক গলে নির্ঝরা তার স্টুডিওতে আসে।নির্ঝরিণি-নির্ঝরা-নিঝু তিনটিই তার ডাক নাম। কারো আদুরে ডাক ছেনীর মতো বুকে বিঁধে। আহা ডাকটা থাকুক...রঙ আর তুলি, ইজেল আর ক্যানভাস। অংকন আর মগ্নতা।স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা বৃক্ষের মত ঋজু তার মনোবল। কোথাও ভাঙন নেই, রিক্তের বেদনও নয়। এ ঘর থেকে আকাশ দেখা যায় না। মগ্নতার গভীরে ঢোকে আকাশ স্পর্শ করে নির্ঝরা।গায়ে মাখে মেঘ-রোদ আর বৃষ্টি।ডুব দেয়। স্মৃতির গহীন থেকে তুলে আনে শাপলা-শালুক আর হিযল তমালের ছায়া।নিরিবিলি এ সময়টা স্পর্শ  করে অধরা সময় আর পেরিয়ে আসা দিনের অনুরাগ। জানালাবিহীন এ ঘরের দেয়াল মেঝেতে স্তূপাকার আর আড়াআড়িভাবে রাখা চিত্রপটে সেসব মনি-মুক্তো ঝলঝলে।
মগ্নতা তাকে নিয়ে যায় শহর ছেড়ে কোন দূর গ্রাম-পথ পেরিয়ে কোন এক পাকা আধভাঙা পাকা ঘাটে।একটি শিশু  জল ছিটায়। সে ছেলেশিশুর পানিতে হিসি করার কারণে আরেকটি মেয়েশিশু সিঁড়ির পাশ ঘেঁষে বসে। সকালের বাসিমুখ ধুতে হবে যে।হাত দিয়ে সরায় ‘ও হিসি জল এদিকে এসো না।’ আচমকা হিসিশিশুটির ধাক্কায় পানিতে পড়ে যায় সিঁড়ির পাশঘেষা মেয়েশিশুটি। সাঁতার জানে না গো... পাড়ছোঁয়ানো বর্ষার ডুবোপুকুর। শিশুটি ভাসে-ডোবে হাত বাড়ায় কিনারা চায়।ওহ! নির্ঝরা কেঁপে ওঠে!
চিত্রপটে ধাক্কায় পড়ে যেতে থাকা শিশুটিকে আঁকতে চায়।শুকনো হলুদ পাতার মতো ফ্রক পরা, ফুটফুটে মুখ। থৈ থৈ জল, চারপাশে ঘন গাছ। আম, গাব, করই, মান্দার, ডুমুর, কৃষ্ণচুড়া, সোনালু কি নেই! বৃক্ষদের কোলে এ স্তব্ধ পুকুর গ্রামের বৌ-ঝিদের এ-ঘাট থেকে ও-ঘাটে গল্পের মুখরতায় মেতে থাকে বেশি সময় । মাঝে মাঝে ‘ডুব ডুব’ করে পুকুরে পড়ে আম, গাব ও ডুমুর।কখনো ঝপাৎ শব্দে পড়ে নারিকেল। মালিক পক্ষের সাথে ছুটে আসে আরো অনেক পক্ষ ভেসে থাকা নারিকেল দেখে। পুকুরের পানিতে আধা ডোবানো একটি নারিকেল গাছ বেঁকে আধশোয়া  -- মাথাটা উপরের দিকে...  পুকুরের রঙটা সবুজ হওয়া চাই। নীল আর লেবু হলুদ আর সাদা মেশালে যে সবুজ হয় অনেকটা তেমন হবে এ কিনারার জলের রঙ। পাতার রঙ করতে শুধু নীল আর লেবু হলুদ, আর বুড়ো পাতা হলে সোনালি হলুদ!
 ‘রঙটা একটু বেশি করে মিশ্রণ করো; না হলে পরে একই রঙ পাওয়া কঠিন হয়।’ কে কে বলছে! গল্পের রঙ মাখিয়ে কঠিন প্রশিক্ষনের বিষয়গুলোকে সহজ করার গতিময়তা! সেই যে তরুণ কাল! হ্যা, বাটিক, সেলাই মেডাম।ব্লক, রঙ,তুলি, পানি, মোম, রজন, গাম...জীবন অন্বেষণ।শাড়ির পর শাড়ি, থ্রি পিচের পর থ্রিপিচ ব্লক কর, বাটিক কর ফেব্রিক্সে ব্রাশ ঘষাও।

 ‘প্রতি শাড়িতে ব্লক করলে বিশ টাকা পাবে আর বাটিক করলে দেড়শত টাকা। করবে কি?’ কেন নয়। সংসার নুন আনতে পান্তা ফুরুবার দলে। আরও চাই তেল, সবজি; মাংস নাই হলো মাছ, ডিম তো খেতে হয়। সাথে থাকে মুখ হা করা বাসা ভাড়া। বাসা নয় গো ছোট ঘর।পাখির বাসার মতো।  ফ্লাটের শেষ সীমায় ছোট ঘরটিতে যেতে একে একে দুটো বেড রুম পার হতে হয়।কেউ শুয়ে থাকে কেউ বসে...গম্ভীর ভারকরা মুখ। কত গান হয়েছিল একসাথে, কত গল্প, হাসি, ঠাট্রা আবেদন নিবেদন। জীবন যখন পড়তির দিকে আপনজনও সে পথ ধরে হাঁটে আগে আগে।

 ঘরটির ছোট জানালার সামনে বিশাল আম গাছ। ‘ঝুপ’ করে’ আম পড়ে জানালার সামনে ছোট বেলার কথা চ্যাৎ করে কাঁপিয়ে দেয়। জানালা খোলা রাখলেও কেউ দেখে না শুধু দেখে অভাব আর চেটেপুটে খায় ভালোবাসার গুঞ্জরণ; পরস্পরের আলিঙ্গন থেকে খুলে নেয় আবেগের মোহময় কাল।আর মৌ মক্ষিকা হ’য়ে হুল ফুটায়।

নির্ঝরা ব্লক করে, বাটিক করে...‘রঙের উপরে রঙ মানে ডাবল ব্লক হলে শুধু আঁচল পাড়ে পঞ্চাশ টাকা, মেডাম পাবে দেড়শ টাকা। তা পাক। তার ব্লক, রঙ ও ঘর। দোকানীরা তাকেই কাজ দিয়েছে। রঙের মিশ্রণটা শিখে নিলে নির্ঝরা নিজেই করতে পারত এ কাজ । কিন্তু এসব কাজের আদি ইতি শিখতে লাগবে এক হাজার টাকা। বাটিকের আরো বেশি মোম, রজন, গাম, লোহার ব্লক আর শেখার চার্জ পুরো দুই হাজার টাকা।

দ্রুত কাজ শেষ করে চট থেকে রঙ তুলে, ব্রাশ ধুয়ে, সবকিছু ঠিক জায়গায় রেখে পঞ্চাশ টাকা নিয়ে দুপুরের কড়া রোদ, যাম আর যানজটের ভিতর দিয়ে দৌড়ায় নির্ঝরা।আলু, ডিম ও তেল কেনে। আর কেনে সাত টাকা দামে একটা চকবার। মাঝে মাঝে চকবার খেয়ে তার মন থেকে অভাবের অভাবীয় বোধটা সরিয়ে ঘরে ঢোকে। স্বামী ঘুমায়। চশমার আড়ালে চকচক করে শ্যামলকান্তি মুখশ্রী। বই পড়তে পড়তে ক্লান্ত হ’য়ে ঘুমিয়ে পড়েছে। বইটা বুকের উপর।  বই পড়ুক...একদিন লেখক হবে যে...আহা ঘুমন্ত মায়ামুখ। ইচ্ছে করছে একটি চুমু এঁকে দেয়। না নির্ঝরা সামলে নেয় ঘুম ভেঙে যাবে।
সিঁদেল চোরের মতো  খাটের নিচ থেকে এক হাতে মসলাপাতির ছোট ডালা ও অন্য হাতে বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরে ঢোকে। আবার ঘরে গিয়ে তরকারীর পাতিল ও ছোট একটা বাটিও আনে। এ ফ্লাটের সাবলেট সে নিজের সবকিছু ঘরেই রাখতে হয়।

নির্ঝরার চশমাআঁটা চোখে এখনো খেলে বেড়ায় লাল-সবুজ মাছ। শাড়ির জমিনে কেমন এঁকেবেঁকে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সে তরুণী কি সুন্দর মিলে মিশে থাকে ডাবল ব্লকে। ‘‘নিজের কাজ দেখে নিজেই মুগ্ধ’’ মেডামের ঠাট্রা গায়ে মেখে চোখ সরায়।নতুন শাড়ি নেয় ওড়না, থ্রিপিচ। ওড়নার কাজ শেষ হতেই চায় না।হাত ধরে আসে, শ্বাস পড়ে জোরে। মেডাম একটি খাবারের বাটি এগিয়ে দেয়। গতকালের রান্নার ক্লাশে তৈরী করা পেটিস ও পেনকেক।

গুড়ুম গুড়ুম মেঘ ডাকে। ভারী বৃষ্টি হবে। মেঘ ডাকলে চঞ্চলা হয়ে যায়। ঝড় হবে শো শো বাতাস। মট মট করে কি যেন পড়ে। ডাল ভাঙলো বুঝি!  কারো বা ছাদের ্উপরের টিন। পা নিসপিস করে দৌড় দিতে। তার এ তিন তলা ঘরের চালে টিন লাগানো। ঝমঝম বৃষ্টি শুনবে আর ভেসে যাবে শিশু কালে, কিশোরী কালে, যৌবনের আংশিক বৃষ্টি গেয়েছিল। ডুবতে ডুবতে ভাসতে ভাসতে আঁকড়ে ধরেছিল এক বুড়ো বৃক্ষের শিকড়। সে বৃক্ষটিকে একটি ক্যানভাসে ধরে রেখেছে সে। রঙ ও তুলিতে আটকে থাকুক জীবন গতির মূহুর্তকয়েক।এ ঘরটিতে হাজার ক্যানভাসে জমে আছে জীবনের লক্ষ টুকরো কথা। কখনো ব্যর্থ হয়েছে। অর্ধ বা পোনে অংশ সফলতা ব্যর্থতার রঙিন কালো পোচে মাখামাখি হ’য়ে পড়ে আছে। একরামিন ও তেল রঙে আঁকা এসব জীবনছবি নির্ঝরার একার। এ-ঘরে ঢোকার অনুমতি নেই কারো।কিংবা কাউকে দেখানোর তাগিদও নেই।কোথাও ঢলে পড়ে আছে বৃক্ষ, কোথাও বাকল, কোথাও ঝরছে জীবন-অশ্রু কোথাও স্নিগ্ধতা।অশ্রু, রক্ত, সুখ-কান্না, প্রতারণার ছোবলমাখা অবিমিশ্র খন্ডায়ন নির্ঝরা তেল রঙে ্আঁকছে। রঙের গন্ধে যেন শ্বাস।  তেলরঙ মানে বেঁচে থাকা, অতীত থেকে স্ফুরণ নিয়ে সামনে এগিয়ে যাওয়া। স্মৃতির আমেজে ঠাঁসা তার ছবিগুলো কাউকে দেখায় না সেদিন থেকে যেদিন একজন তার মা ও শিশুর একটা ছবি কিনতে চেয়েছিল।তার মনে হয়েছিল তার প্রাণ কেউ কেটে নিতে চাইছে... আর প্রাণ কেটে টাকা আয়ের আর সময় নেই তার।

তার রুমটি বাদে দোতলার ছাদ তিন তলার উঠোন। সে উঠোনের এক পাশে উপরে ছাদওয়ালা বেশ কিছু জায়গা। সেখানে বসার বেঞ্চিতে বসে বৃষ্টির মাতলামী দেখে।বৃষ্টির উন্মাতালতা তাকে রঙতুলিতে মগ্ন থাকতে দেয় না। ‘নিঝু নিঝু’ প্রিয় কোন ডাক বুকে ছেনীর মতো বিঁধে।
...বিজন বিবশ রাতে কথা বলে কে যে
বুকের পাশটি ছুঁয়ে কার আদৃত চোখের পাতা
কোন কালের গল্পের ভিড় পরান ডাঙার মোড়ে
আজ কার কথা মনে পড়ে!

  বৃষ্টিতে ভেজার বয়স এটা নয় নির্ঝরা বোঝে।‘তুমি এত কেন বোঝ মা? বেশি বুঝে বুঝে কষ্ট বাড়াও। ’ ছেলেমেয়েরা প্রায়ই আদরের ধমক  দেয়। শিশুবেলার তার ছেলেটার পাকা কথা ‘আমাকে মাছ কাটা শিখিয়ে দাও মা আমি তোমার মেয়েও হবো ছেলেও হবো।’ না ছেলেটা শুধু ছেলেই হ’য়ে রইলো আর মেয়েটাও ছেলে হতে চায়।এ পৃথিবীটাই ছেলে হবার প্রতিযোগীতায় মেতে আছে। ছেলে মানে ক্ষমতা, ছেলে মানে বড়, ছেলে মানে আগেভাগে দৌড়ানোর কৌশল...

নিচে নিজস্ব ঘরে ঘুমুচ্ছে তার বড় হয়ে যাওয়া শিশুরা।সবাই নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছে। কাউকে নিয়ে আর রাত জাগার ক্লান্তি নেই। গলার ঘাম মুছে দেবার কসরত কিংবা ফ্যান কমানো বাড়ানোর জন্য উঠানামা নয়ত মশা...
এখন শুধু নিজেকে পাহারা দেয়া আর বাঁচিয়ে রাখার কসরত।সবার দরোজা ভিতর থেকে বন্ধ।শুধু নির্ঝরা খোলা রাখে দরোজা; যদি কেউ খবর নিতে এসে বন্ধ দরোজা দেখে ফেরত চলে যায়!



প্রদীপভূষন রায়

পরিবর্তনের গল্প  
      
মেট্রো থেকে নেমে গণেশ পায়ে পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে । সকালেই যাবার সময় খেয়াল করেছিল আপ আর ডাউন দুদিকের এসক্যালেটারের সিঁড়িগুলো খুলে মেইনট্যানেন্সের কাজ চলছে।
কাজেই এসক্যালেটারের আরামটা সকালেও পায়নি , এখনও পাবে না । সবাই সিঁড়ির দিকেই হাঁটছে । বয়সটা যে বাড়ছে সিঁড়ি দিয়ে ওঠা নামাতে বেশ বুঝতে পারে আজকাল । হাঁফ ধরে যায়, হাঁটুতেও লাগে । বয়সের আর দোষ কি । মেঘে মেঘে বেশ বেলা হল । এই তো কদিন বাদেই পঞ্চান্ন পার হয়ে ছাপ্পান্নতে পা দেবে । সুমিতা তো আজকেও বলছিল ‘ সাবধানে যেও একদম হুটোপাটি কোরো না । তোমার আবার সব কিছুতেই তারাহুড়ো ।’
ভুল বলেনি সুমিতা । সময়ের সঙ্গে ছুটতে ছুটতে সামলাতে পারে না । ব্যস্ততা বেড়েই চলেছে । কাজের চাপ সংসারের চাপ এমন ভাবে বেড়ে চলেছে ফুরসতের সময় কোথায় । রোজ রোজ জিনিসপত্রের যে ভাবে দাম বাড়ছে খুব সাধারণ ভাবে সংসার চালানোই বেশ কঠিন হয়ে উঠছে । আজকাল একটা অসহনীয় চাপের মধ্যেই দিনগুলো কেটে যায় সাধারণ মানুষের । গণেশ তো তাদেরই একজন । তাই তার জীবনটাও সেইরকমই হবে । দশটা পাঁচটার সরকারি চাকরি জোটেনি । মাস গেলে থোক টাকাটা হাতে আসবে সেইরকম নিশ্চিন্ত নিরুপদ্রব জীবন গনেশের নয় । রোজই তার ছোটা । লোকের থেকে ইনসিওরেন্সের প্রিমিয়াম জোগাড় করা , জমা দেওয়া , রশিদ পৌঁছে দেওয়া , তার ওপর নতুন ব্যবসার চাপ । এর সঙ্গে রয়েছে নানান ধরণের সার্ভিসিং।
ল্যাপস পলিসি রিভাইভাল , ম্যাচুরিটি ক্লেইম , মানি ব্যাক পলিসির সারভাইভাল ক্লেইম । ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখতে তার অন্য ব্রাঞ্চের সার্ভিসিং । যে পলিসিটা আদৌ তার করা নয় । ছোটা-টা তাই বেড়েই চলেছে । মাঝে মাঝে বড় ক্লান্তও লাগে আজকাল । একটা অদ্ভুত একঘেয়েমি মনের মধ্যে বাসা বাঁধছে ।
 
স্টেশন থেকে বেরিয়ে বড়রাস্তায় উঠে অবাক হয় গণেশ । রাস্তায় একটাও অটো নেই । অন্য সময় অটোর জন্য হাঁটাচলাও মুশকিল হয়ে পড়ে । প্রায় গায়ের ওপর দিয়ে চালিয়ে গেলেও অটোচালকের কোনও হেলদোল দেখা যায় না । রাস্তায় শুধু প্যাসেঞ্জার ভরে নিয়ে সাইকেল রিক্সা পাঁইপাঁই করে ছুটছে । গুমোট ভাবটা যেন বেড়েই চলেছে । আকাশের রঙটা অন্যরকম । একটু একটু করে মেঘ জমছে মনে হচ্ছে । মোড়ের রিক্সা-স্ট্যান্ডের দিকে এগিয়ে চলে গণেশ । সারাদিনের খাটুনির পর হাঁটতে ইচ্ছে করছে না । স্ট্যান্ডে এসে দেখে একটাও রিক্সা নেই । অনেক প্যাসেঞ্জারই দাঁড়িয়ে রিক্সার জন্য । লোকের কথায় জানতে পারে সি এন জি গ্যাস পাওয়া যাচ্ছে না । তাই স্বাভাবিক সরবরাহের দাবিতে অটোর স্ট্রাইক । ক্লান্তিতে শরীরটা যেন আর চলতে চাইছে না । একটু অপেক্ষা করে । খানিক বাদে প্যাসেঞ্জার নিয়ে একটা রিক্সা এসে দাঁড়ায় । ভাড়া দিয়ে প্যাসেঞ্জার নেমে যাওয়ার পরে গনেশ এগিয়ে গিয়ে রিক্সাটাকে ধরে । লোকটা অদ্ভুত ধরনের । কথাবার্তা কেমন যেন চ্যাটাং চ্যাটাং । ভাড়ার কথা শুনে তো গণেশ থ । কি বলবে ঠিক বুঝে উঠতে পারে না । তবুও গনেশ বলল , তোমাদের সেক্রেটারি কে ? লোকটি বলে উঠল , যে-ই হোক , বৃষ্টি হলে আরও পাঁচ টাকা এক্সট্রা লাগবে ।
 
- সে তো বৃষ্টি পড়লে এমনিতে দিতেই হয় তা বলে রোজকার ভাড়াও বেশি চাইছো ! অটোর স্ট্রাইক বলে মানুষের অসহায়তার সুযোগ নিচ্ছ ।
 
- আমি কি আমার রিক্সায় যাবার জন্য আপনাকে জোর করছি ? পোষালে যাবেন না হলে যাবেন না । শুধু শুধু এত কথা বলার তো দরকার নেই ।
- এত কথা কি আর এমনি বলছি ? তোমাদের অন্যায় আবদারের জন্যেই বলতে হচ্ছে ।
 
- অন্যায় তো সবাই করছে । সব জায়গায় কি বলেন ? দু-টাকার জিনিষ পাঁচ টাকায় কিনতে হচ্ছে । সব তো মুখ বুজে মেনে নিচ্ছেন , দোষ দেখছেন শুধু আমাদের ।
- সেটাই তো আমাদের অসহায়তা । সব কিছু মেনে নিতে নিতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে । তোমার শর্তটাও মেনে নিতে হবে । কেননা সারাদিনের পরিশ্রমের পর ক্লান্তিতে এতটা রাস্তা হেঁটে বাড়ি ফেরার ধকল নেওয়ার অবস্থায় নেই বলে । সেইজন্যেই বলছি যেটা করছ ঠিক করছ না ।
 
- ঠিক বেঠিকের প্রশ্নটা আসছে কোথা থেকে ! যেখানে জীবনটাই বেঠিক হয়ে গেছে ।
 
- একথা কেন বলছ ? রাজ্যে পালা বদল হল । নতুন সরকার । একটা পরিবর্তনের আশা করতেই তো মানুষ সরকার পরিবর্তন করল । বেঠিককে ঠিক জায়গায় আনার জন্যেই তো ।
 
- না দাদা , শুধু বাইরেটাই বদলেছে । দেখছি তো সব । এই আমাদের ইউনিয়নের কথাই ধরুন না , পুরো ইউনিয়নটাই পালটি খেলো । ভাবতে পারেন ! আগেও একটা ইউনিয়ন ছিল , এখনও একটা । তফাতটা শুধুই রঙের । চরিত্রের বদল হয়নি ।
- এত তাড়াতাড়ি সব হয় না । খানিকটা সময় তো দিতে হবে ।
 
- সময়টাই তো কমে গেছে । সবাই দৌড়াচ্ছে । কে আগে যাবে । সোজা ভাবে সহজ চলার ছন্দটাই এখন হারিয়ে গেছে । প্রতিটা মানুষই এখন সু্যোগের অপেক্ষায় থাকে । সু্যোগ পেলেই একে অন্যকে পিষে দিয়ে চলে যায় । তখন তার ন্যায় নৈতিকতা বিবেকবোধ সব হারিয়ে যায় । আমার বয়স তো কম হল না । দেখলাম তো অনেক । বাতাসে স্বার্থপরতার গন্ধ । আপনি পান না ?
 
- এভাবে ভাবছ কেন ? এখনও অনেক মানুষ দেখা যায় যারা মানুষের পাশে দাঁড়ায় । যাদের জন্য মানুষ এখনও বেঁচে থাকার স্বপ্ন দেখে। চলো, যেতে যেতে কথা হবে, তুমি যা চাইছ তাই দেবো ।
 
এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে তোমার সময় নষ্ট করাটাও ঠিক নয় । অটো না থাকায় প্যাসেঞ্জারের ভিড় ক্রমশ বাড়ছে । রিক্সাগুলো আসছে আর ভর্তি হয়ে চলে যাচ্ছে । এরপর আর রিক্সা পাব না ।
গণেশ রিক্সায় উঠে বসে । রিক্সাচালক রিক্সা ঘুরিয়ে প্যাডেলে চাপ দেয় । সামনে বাধা । এক বয়স্ক ভদ্রলোক রিক্সার সামনে । রিক্সাচালক খেঁকিয়ে ওঠে । ‘ দেখে চলতে পারো না ! ধাক্কা লাগলেই তো রিক্সাচালকের দোষ হত ।’
 
গণেশ লক্ষ করে রিক্সাচালকের ধমকানিতে ভদ্রলোক বেশ অপ্রস্তুত । আধময়লা পোষাক , বয়সের ভারে দু-হাতের বড় ব্যাগ দুটো সামলাতে পারছেন না । গণেশ রিক্সাওলাকে থামায় । ভদ্রলোককে জিজ্ঞেস করে ,
 
- আপনি কোথায় যাবেন ?
- রঙকলের মোড় ।
- উঠে পড়ুন রিক্সায় । আমার রাস্তাতেই পড়বে , আপনাকে নামিয়ে দেব । দুটো ভারি ব্যাগ নিয়ে আপনি পারবেন না । অটোর স্ট্রাইকে রিক্সার যা অবস্থা , আসছে আর উবে যাচ্ছে । আপনি রিক্সা জোগাড় করতে পারবেন না ।
 
ভদ্রলোক রিক্সায় উঠতে যেতেই রিক্সাওলা বলে ওঠে , ‘ উনি তো আপনার লোক নন , ওনাকে তুলব না ।’
গণেশ অবাক হয়ে যায় । বলে নাই বা হল আমার লোক । বয়স্ক মানুষ , অসুবিধার মধ্যে পড়েছেন । ওনাকে নিতে চাইছো না কেন ?
 
- আমার ইচ্ছে । আমার গাড়ি , আমি কাকে নেবো কাকে নেবো না আমিই ঠিক করব ।
- আশ্চর্য লোক তো তুমি ! অবস্থার সু্যোগ নিয়ে যা ইচ্ছে তাই শুরু করেছো । আরে দুটো লোক শেয়ারেও তো রিক্সা চড়ে ।
 
- ঠিক আছে , নিতে পারি । তবে ওনাকে আলাদা ভাড়া দিতে হবে ।
 
- ভাড়া তো আমি দিচ্ছি । একই রাস্তায় খানিক দুরেই নেমে যাবেন । তার জন্যে এনার থেকেই ভাড়া নেবে !
- কেন নেবো না ? উনি রিক্সায় উঠবেন ভাড়া দেবেন না !
- তোমার রিক্সায় দুজন বসতে পারে । যদি তার থেকে বেশি লোক হয় তার জন্য লোকে এক্সট্রা ভাড়া দেয় । আমার সঙ্গে যদি আর একজন থাকত তার জন্যে কি বেশি ভাড়া চাইতে ?
 
- সেটা তো হয় নি ।
- নাই বা হল । তুমি বেশি ভাড়া চেয়েছো আমি রাজি হয়েছি । এখন একজনকে যদি সঙ্গে নিই তাহলে তার জন্যে আলাদা নেবে কেন ? তোমরা কি অটোর মতো লোক প্রতি ভাড়া নিতে শুরু করেছো ?
- আপনি বড় ক্যাচাল করেন । গরিব মানুষ একটু পয়সা পাবে তাতেও আপত্তি ।
- গরিব মানুষের বেশি পয়সায় আমার একটুও আপত্তি নেই । আপত্তি শুধু অন্যায় দাবিতে।
একটু আগেই বলছিলে না , ‘ সুযোগ পেলেই একজন অন্যজনকে পিষে দিয়ে চলে যায় ।’ তুমি যা করছ এটাও তো সেইরকমই । আসলে আমরা সকলেই একটা অদ্ভুত চেনের মধ্যে জড়িয়ে গেছি। যার মধ্যে আটকে গিয়ে অজান্তেই কখনও আমরা শিকার কখনও বা শিকারী হয়ে যাচ্ছি । যাক, কথা বাড়িয়ে লাভ নেই । উনি ভাড়া দিতে না পারলে আমার থেকে নিয়ে নিয়ো । এখন চল ।
গণেশের ইশারায় বয়স্ক মানুষটি রিক্সায় উঠে আসেন । রিক্সা চলতে শুরু করে । আকাশে বেশ মেঘ জমেছে । বৃষ্টি হলেও হতে পারে । অদ্ভুত একটা ভ্যাপসা গরম । ব্যাগের মধ্যে থেকে ছোট জলের বোতলটা বার করে গণেশ । আসার সময় পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ঠান্ডা জল ভরে নিয়েছিল । এখনও বেশ ঠান্ডা । মেট্রো ট্রেনটা এদিকে চালু হওয়ায় যাতায়াতের বেশ সুবিধা হয়ে গেছে । না হলে এই ভ্যাপসা গরমের মধ্যে বাসে করে আসা যে কি দুর্ভোগের , যারা আসে একমাত্র তারাই বোঝে । এক একটা সিগনালে রাত কাবার। গাড়ি যেন নড়তেই চায় না । বছর বছর শুধু গাড়ি বেড়ে গেছে , রাস্তা বাড়েনি । ফলে যা হবার তা-ই হয়েছে । গাড়ির গতি গেছে শ্লথ হয়ে । আগে যখন বাসে আসত , ডালহৌসি থেকে গড়িয়া পৌঁছতে দু-ঘণ্টা লেগে যেত । আর এখন আধঘণ্টার মধ্যে গড়িয়া । কতটা সময় বেঁচে গেছে । বোতলের ছিপি খুলে খানিকটা গলায় ঢেলে নেয় । খানিকটা স্বস্তি পায় গণেশ । রাস্তায় শুধুই আজ রিক্সার প্যাঁক প্যাঁক আওয়াজ। এদিকে অটো বন্ধ থাকলে খুব অসুবিধা হয় । একটা বাস রুট যদি চালু থাকত তবে মানুষকে এইরকম দুর্ভোগে পড়তে হত না । গণেশের মনে পড়ে একসময় সকালবেলায় হেঁটেই গড়িয়া থেকে সাড়ে আটটার সরকারি বাস ধরত । তখন আসা যাওয়া হেঁটেই করতে হত । সাইকেল আর রিক্সা ছাড়া কিছুই ছিল না । তারপর অটো চালু হতেই অভ্যাসটা গেল বদলে । হাঁটার ইচ্ছেটাই উবে গেল । এইজন্যেই বোধহয় বলে মানুষ অভ্যাসের দাস। ছিপিটা বন্ধ করে ব্যাগে ঢোকাতে গিয়ে নজর পড়ে ভদ্রলোকের দিকে । পকেট থেকে রুমাল বার করে বারবার ঘাম মুছছেন । গণেশ জলের বোতলটা এগিয়ে দেয় । জিজ্ঞেস করে , ‘ শরীর খারাপ লাগছে ? যা ভ্যাপসা গরম । আমরাই কাহিল হয়ে যাচ্ছি। আপনার তো বয়স হয়েছে । একটু জল খেয়ে নিন। দেখবেন ভালো লাগবে ।’
 
ভদ্রলোক হাত বাড়িয়ে বোতলটা নিতে গিয়ে টলে পড়েন গনেশের দিকে । গণেশ বাম হাত দিয়ে ধরে ফেলে । গণেশের হাতের মধ্যে এলিয়ে পড়ে থাকেন । কোনও কথা বলার শক্তি নেই । গণেশ বুঝতে পারে ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছেন । রিক্সা থামাতে বলে । রিক্সাওলা বিরক্তিতে জিজ্ঞেস করে , ‘ কী হয়েছে ?’
- মনে হচ্ছে খুব অসুস্থ বোধ করছেন ।
 
রিক্সাওলা এগিয়ে এসে গণেশের হাত থেকে জলের বোতলটা নিয়ে খানিকটা জল ভদ্রলোকের চোখেমুখে ছিটিয়ে দেয় , তারপর ভদ্রলোককে দেখে গনেশকে বলে , ‘ দাদা , আপনি শক্ত করে ওনাকে ধরে থাকুন । সামনেই একটা ওষুধের দোকান আছে , এই সময় একজন ডাক্তারও থাকে। একবার দেখানো দরকার ।
গণেশ শক্ত করে ধরে থাকে ভদ্রলোককে । অল্পক্ষণের মধ্যেই রিক্সাওলা একটা ওষুধের দোকানের সামনে এসে দাঁড় করায় রিক্সাটাকে । কয়েকজনকে ডেকে নেয় , তারপর ধরাধরি করে রিক্সা থেকে নামিয়ে শুইয়ে দেয় একটা বেঞ্চের ওপর । ডাক্তারবাবু বেরিয়ে আসেন ভেতর থেকে । ওদের মুখে সব শুনে পরীক্ষা করতে শুরু করেন । পালস দেখেন , প্রেশার মাপেন । কী একটা ওষুধ জিভের তলায় দিয়ে দেন । একটা ইনজেকশনও দেন ।
একটু বাদেই ভদ্রলোক সুস্থ হয়ে ওঠেন । ধীরে ধীরে উঠে বসেন বেঞ্চের ওপর । ডাক্তারবাবু বলেন, ‘ ভয়ের কিছু নেই এখন । গরমে প্রেসারটা হঠাৎ ফল করে গিয়েছিল । তবে ওনার একটা ই সি জি করা দরকার । বয়স হয়ে গেছে , হার্টটা মনে হল একটু দুর্বল । আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি ।
গণেশ ডাক্তারের ফিস ওষুধপত্রের দাম মিটিয়ে দেয় । রিক্সাওলাকে বলে, ‘ ভাই এই অবস্থায় তো ওনাকে রঙকলের মোড়ে নামিয়ে দেওয়া যায় না , বাড়ি অবধি পৌঁছে দিতে হবে আমাদের । রাগ কোরো না , যা চাইবে দিয়ে দেব ।’
ভদ্রলোককে বলে, ‘ আপনার বাড়িটা চিনিয়ে দেবেন , আমরা আপনাকে পৌঁছে দেব ।’
রিক্সাওলা বলে, ‘ আমি ওনার বাড়ি চিনি ।’
ভদ্রলোককে রিক্সায় ধরাধরি করে তুলে আস্তে আস্তে রিক্সা এগিয়ে চলে । রঙকলের ডানদিকের রাস্তা ধরে খানিকটা এগিয়ে একসময় একটা টালির বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে রিক্সাটা । ভদ্রলোককে ধরে আস্তে আস্তে নামায় রিক্সা থেকে । ভদ্রলোক পকেট থেকে কিছু টাকা বার করে রিক্সাওলার হাত দুটো ধরে বলে ওঠেন , ‘ আমায় ক্ষমা করে দিস সুখেন ।’
টাকা সুদ্ধু হাতটা সরিয়ে দেয় রিক্সাওলা । গনেশকে অনুরোধ করে , ‘ দাদা আপনি ওনাকে একটু ঘর অবধি পৌঁছে দিন ।’
গনেশ হতবাক হয়ে যায় । রিক্সাওলার কথামত ভদ্রলোককে ঘরে পৌঁছে দিয়ে এসে রিক্সায় উঠে পড়ে ।
 
রিক্সা চলতে শুরু করে ।
দুজনে কেউই কথা বলে না ।
গনেশই নীরবতা ভঙ্গ করে জিজ্ঞেস করে , ‘ তুমি ওনাকে চেনো , তা সত্ত্বেও ওনাকে নিতে চাইছিলে না কেন ?’
এবার উত্তর আসে , ‘ আমি ওনাকে ঘেন্না করি ।’ একটা তীব্র বিতৃষ্ণা যেন ঝরে পড়ে সুখেনের গলায় ।
- কেন ? কী করেছেন উনি ?
- নিজের স্ত্রী , ছোট ছোট দুটো সন্তান থাকা সত্ত্বেও হঠাৎই আরেকটা বিয়ে করে নিয়ে এসে অসহায় নিরপরাধ স্ত্রী আর বাচ্চাদের ঘর থেকে বার করে দেন । রাতের অন্ধকারে কোথায় থাকবে কী খাবে তারা , কোনও কিছুই ভাবতে চাননি সেদিন । তাদের কোনও কান্নার আওয়াজ তাকে স্পর্শ করেনি । বুঝতে পারছেন কেমন মানুষ লোকটা । এইরকম একটা মানুষের জন্য আমি কেন ভাববো বলতে পারেন ?
 
- ওনার সেই স্ত্রী আর বাচ্চারা ! তারা এখন কোথায় ?
- জীবনের চলার পথে ঠোক্কর খেতে খেতে তারাও এখন এই পৃথিবীরই একজন হয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে ।
- তুমি তাদের চেনো ?
উত্তর দেয় না সুখেন । রিক্সা এগিয়ে চলে । একসময় থামায় ।
- আপনার স্টপেজ এসে গেছে দাদা ।
গণেশ নেমে পড়ে । পকেট থেকে মানিব্যাগ বার করে ভাড়ার টাকা এগিয়ে দেয় সুখেনের দিকে । বাড়তি ভাড়া ফিরিয়ে দিতে দিতে সুখেন বলে ওঠে , ‘ অনাত্মীয় হয়েও একজন অপরিচিত মানুষের জন্য আপনি যা করলেন , সেই মানুষের ছেলে হয়ে এরপরেও আপনার থেকে বেশি ভাড়া নিই কী করে ।’


সুধাংশু চক্রবর্ত্তী / দুটি অনুগল্প

আমি আছি না

সে অনেককাল আগেকার কথা । সেবার প্রবল দাঙ্গা বেঁধেছে দেশে । প্রাণ হাতে করে বর্ডারের দিকে ছুটছি আর সকলের সাথে । সামনে থেকে বিপদ এলে পিছিয়ে আসার গেট বন্ধ । মানুষে মানুষে অবিরাম ঠেলাঠেলি চলেছে পিছনে । অদূরেই ভারতের বর্ডার । বর্ডারে সশস্ত্র সৈনিকের কড়া নজর । ওদের দৃষ্টি এড়িয়ে বর্ডার পার করা মুখের কথা নয় । যেনতেনপ্রকারেণ যেতেই হবে বর্ডারের ওপারে । এখন উপায় ?

সহসা কে যেন কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললো – চিন্তা করছেন কেন কত্তা ? আমি আছি না ?
এরপর কীকরে বর্ডার পার হলাম, কীকরে ভারতে এসে আশ্রয় নিলাম নিরাপদ স্থানে কিছুই টের পেলাম না । সবই ঘটলো তার কৃপায় । এসে পড়লাম একেবারে নতুন একটা জায়গায় । কিন্তু মাথা গোঁজার ঠাইয়ের কী ব্যবস্থা হবে ? গাছতলায় তো থাকা যায় না ।
আবার সেই গলা বেজে উঠলো আমার কানের কাছে – চিন্তা করছেন কেন কত্তা ? আমি আছি না ?

তারই কৃপায় এরপর অনেক কিছুই হলো আমার । নতুন একটা ঘর হলো । গ্রাসাচ্ছাদনেরও একটা ব্যবস্থা হলো । এমনকি বিয়ে করে সংসার পাতাও হলো একদিন । সবই হলো ‘আমি আছি না কত্তার’ দৌলতে একেবারে নির্বিবাদে । দিনগুলো বেশ আনন্দেই দিন কাটছে ।

বিয়ের মাস ছয়েক পর এক রাত্রে স্ত্রী হঠাৎ অনুযোগ করে বললো – এ কেমন পুরুষ মানুষ তুমি ? আজ পর্যন্ত একটা সন্তানেরও .........
এবার আর কানের কাছে নয় অন্ধকার ঘরের ভিতর সেই গলা বেজে উঠলো গমগম করে – খামোখা চিন্তা করছেন কত্তা । আমি আছি না ?
স্ত্রী শুনেই গোসা করে বাপের বাড়ি যাবার তোড়জোড় জুড়ে দিলো । তাকে কিছুতেই ধরেবেঁধে রাখা যাচ্ছে না । আমাকে ভাবনায় পড়ে যেতে দেখে সেই গলাটা আবার বেজে উঠলো আমার কানের পাশে - চিন্তা করছেন কেন কত্তা ? আমি আছি না ?

এবার আমি রেগে গিয়ে সেই অদৃশ্য গলাকে বললাম – কেন ? তুমি কি আমার হয়ে আমার স্ত্রীর সঙ্গে ইয়ে.........

ছি-ছি কত্তা । অমন কথা মুখে আনাও পাপ । তবে কিনা একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে । একবার দেখুনই না কি ব্যবস্থা নিই ।

আমার জন্য কী করেছে টের পেলাম স্ত্রী যখন বাপের বাড়ির যাবার জন্য সুটকেস নিয়ে ঘরের বাইরে পা রেখেছেন তখন । তিনি ঘরের বাইরে পা রাখামাত্র সিঁড়ির এক পাশ থেকে একটি সদ্যোজাত শিশুর কান্না বেজে উঠলো । শিশুটিকে দেখেই ভয়ে আঁতকে উঠে বললাম – এ কার সন্তান ? এখানে এলো কীকরে ?

চিন্তা করছেন কেন কত্তা ? আমি আছি না ? সব খবরাখবরই আপনি পেয়ে যাবেন ।

খাঁটী কথা বলেছে । আমাকে আর এতটুকুও চিন্তা করতে হলো না । স্ত্রী যখন বাপের বাড়ি যাওয়া ভুলে শিশুটিকে কোলে নিয়ে ঝিনুকে করে দুধ খাওয়াচ্ছিলেন ঘটনাটা তখনই ঘটল । সহসা সেই শিশুটির মা-বাবা এসে হাজির হলো পুলিশ নিয়ে । ওদের দেখে অদৃশ্য গলাটা আবার বেজে উঠলো কানের পাশে – বলেছিলাম না চিন্তা করবেন না । কার সন্তান, এলো কীকরে – সবই জানতে পারবেন ওদের মুখে । তবে কত্তা, একটা কথা আগাম জানিয়ে রাখি । আজকের পর আমাকে আর কাছে পাবেন না আপনি । এই শেষবারের মত আপনার চিন্তা দূর করে দিয়ে গেলাম ।
আজকাল স্ত্রীকে নিয়ে হাজতে বসে ঘানি টেনে চলেছি সম্পূর্ণ নির্দোষ হয়েও ।


শর্ত

সন্ধ্যের পরপরই প্রিয়াকে আসতে দেখে অভ্র খুব অবাক হলো । ওরা তো কাশ্মীরে বেড়াতে গেছিলো । কবে ফিরলো ! হিসেব মতো তো আরও দিনচারেক পর আসার কথা ! তাহলে কি আগেই ফিরে এসেছে !
প্রিয়া হাসলো - তোমার কথা খুব মনে পড়ছিলো বলে চলে এলাম । তাছাড়া মনটাও ভালো নেই । এসো না, দু’জনে মিলে হেঁটে আসি এই আলোআঁধারিতে ।
অভ্র ঘরে তালা ঝুলিয়ে দিয়ে পথে নেমে এলো প্রিয়ার সাথে । ধীরে ধীরে কালো আঁধারের ছেয়ে যাচ্ছে চরাচর । দু’জনে পাশাপাশি হাঁটছে টুকটাক কথা বলতে বলতে । অনেকটা হাঁটার পর রাস্তার পাশেই একটা প্রাচীন বটগাছের তলায় বাঁধানো বেদীতে বসে পড়লো প্রিয়া । অভ্রকে টেনে বসালো নিজের পাশে । রাত এতক্ষণে আরও গভীর হয়েছে । রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে । প্রিয়া হঠাৎ আবদার ধরে বসলো – আমাকে একটু আদর করবে অভ্র ?
- এখানে, এই রাস্তার ওপর ? কেউ দেখে ফেললে লজ্জার শেষ থাকবে না আমাদের ।  
 কেউ দেখবে না । এমন আড়াল কর দেবো যে এক হাত দূর থেকেও কেউ দেখতে পাবে না তোমাকে ।ভাববে আমি একলাই বসে আছে বটগাছ তলায় ।   
অভ্র আর কথা না বাড়িয়ে প্রিয়ার সুন্দর মুখটা নিজের দু’হাতের তালুবন্দী করে কাছে আনতে গিয়ে বাধা পেলো প্রিয়ার কাছ থেকে - তার আগে একটা শর্ত মানতে হবে তোমাকে ।
 কি সেই শর্ত ? এই সুন্দর রাতটাকে আর একমুহূর্তও বিফলে যেতে দিতে চাই না প্রিয়া ।
 খেয়াল রেখো । আমাকে আদর করার সময় তোমার চোখদুটো যেন বন্ধ থাকে  । একদম খুলবে না ।
ওহ্‌ এই কথা ! আমি ভাবলাম কি না কি । এই নাও, চোখ বন্ধ করলাম । এবার হবে তো ?
 হবে ।
অভ্র আর কথা না বাড়িয়ে প্রিয়ার রক্তিম অধরে আলতো করে চুমু খাওয়া মাত্র  অনুভব করলো ওর ওই মুখে যেন রক্তমাংসের লেশমাত্র নেই ! শর্ত ভেঙে দ্রুত চোখ খুলে দেখলোওর হাতের তালুতে বন্দী হয়ে রয়েছে একটা কঙ্কালের মুখ ।






শান্তিময় কর

যদি এমন হয়       

          একবার মনে মনে ভাবুন যদি এরকমটা হ'ত তাহ'লে কেমন হ'ত। ধরুন কৈলাস পর্বতের প্রদোষকাল। মহাদেব বেড টি খেয়ে সদ্য বিছানা ছেড়ে উঠেছেন। মনে মনে ভাবছেন অন্য দিনের তুলনায় আজ একটু বেশীই দেরী হয়ে গেল ঘুম থেকে উঠতে। তারপরই তাঁর মনে পড়লো আগের সারা দিন এবং রাত্রেও এক ভক্তের বাড়ীতে অধিষ্ঠিত হওয়ার কারণে বাড়ী ফিরতে মধ্য রাত্রি পার হয়ে গেছলো। একবারও তাঁর মনে পড়েনি যে গতকালই তাঁর আর পার্বতীর পাঁচ কোটি তিরিশ লক্ষ পঁচাত্তর হাজার সাতশ পঞ্চাশতম বিবাহ বার্ষিকী ছিল। তাই ঘরে ফেরা অব্দি সেই যে পার্বতী মুখ ফিরিয়ে রয়েছে, তাঁর সামনে গিয়ে দাঁড়াবার সাহসটুকুও মহাদেবের আর হচ্ছে না। পার্বতীর থমথমে মুখটার দিকে তাকালে বুকের ভিতর পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে মহাদেবের। ভাবছেন কী ভাবে তাঁকে ঠাণ্ডা করা যায়। নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে তাঁর। কোন মতেই বিবাহবার্ষিকীর দিনটা ভুলে যাওয়া উচিৎ হয়নি তাঁর। এর আগে তো কখনও এমনটা হয়নি। কি করা যায় ভাবতে ভাবতে গামছাটা টেনে নিয়ে বাথরুমে ঢুকে পড়েন তিনি। তাঁর ধ্যানে বসার সময় আগতপ্রায়। ভাবেন, পার্বতী অনেক কোমল হৃদয়া, তাই ওর কাছে ক্ষমা চেয়ে সব মিটমাট বা ঠিকঠাক করে নেওয়া যাবে।

          ওদিকে অদ্ভুত রকম থমথমে আর গম্ভীর মুখ নিয়ে পার্বতী ঝাড়ু হাতে ঘর পরিষ্কার করছেন আর অকারণে সরস্বতী কে বকাঝকা করছেন। সরস্বতী বুঝতেই পারে না মায়ের কি হ'ল। প্রতিদিন সকালে মা কত হাসিখুশি থাকে, কত সুন্দর করে সবার সাথে কথা বলে, হাসে, জলখাবার বানিয়ে সবাইকে খেতে দেয় কিন্তু আজ কী এমন হ'ল যে কোন কারণ ছাড়াই এত বকাবকি করছে ? সরস্বতী গভীর দৃষ্টি নিয়ে মায়ের মুখের দিকে তাকায়, তার মনে হয় মায়ের চোখের কোনায় জল। মায়ের চোখে জল কেন ভেবেই অস্থির হয়ে যায় সে। কিছুতেই তার বোধগম্য হয় না কি এমন কারণ থাকতে পারে যাতে মা ভীষণ দুঃখ পেয়েছে ? লক্ষ্মীও ঘরে নেই। সে তো সদা চঞ্চলা, কোন সময় স্থির থাকে না। এই সাত সকালে সে যে কোথায় গেছে কেউ জানে না। কার্ত্তিক ভোর হ'তে না হ'তে তীর ধনুক নিয়ে বন্ধুদের সাথে কোন জঙ্গলে বীরত্ব ফলাচ্ছে কে জানে বাপু। আর গণেশের কথা তো ধরারই নয়। প্রতিদিন কত বেলায় যে তার ঘুম ভাঙে তার ঠিকানা নাই। মা বাবার শত বকুনিতেও তার কিছু যায় আসে না। তার কাজ শুধ ঘুম আর ভালমন্দ খাওয়া।

          মহাদেব বাথরুম থেকে বেরিয়ে নিত্যদিনের মত তাঁর পূজো এবং ধ্যানের জন্য প্রয়োজনীয় উপকরণ যথাস্থানে দেখতে না পেয়ে পার্বতী কে ডাকতে থাকেন চিৎকার করে। কিন্তু পার্বতীর তরফ থেকে কোন সাড়াশব্দ নাই। তাঁর বইয়েই গেছে মহাদেবের ডাকে সাড়া দিতে। ভাঙড় ভোলার মনে পড়ে যায় পার্বতীর রাগের কারণ। মনে মনে তিনি ভাবেন যেভাবেই হ'ক তাঁকে তুষ্ট করতে হ'বেই নইলে সমূহ বিপদ। সরস্বতী সকালবেলা মা বাবার এহেন আচরণে বিস্মিত হয়ে যায়। মনে মনে ভাবে তাঁদের মধ্যে এমন কিছু ঘটেছে যার ফলে এই বিপত্তি। যাই হ'ক, বাবার ধ্যানের ব্যাঘাত ঘটছে দেখে সরস্বতী বলে, “বাবা, আমি তোমার সব জোগাড় করে দিচ্ছি, তুমি ধ্যানে বসো”। মহাদেব জোরে জোরেই বলেন, “না থাক, কোন দরকার নাই, আমি আজ আর ধ্যানে বসবো না। তুই বরং আমাকে এক গ্লাস জল এনে দে, জল খেয়েই আমি একবার বিষ্ণুলোকে যাব খুব জরুরী কাজ আছে”। মহাদেবের কথা শুনে পার্বতীর গা পিত্তির জ্বলে যায়, তিনি উচ্চ কণ্ঠেই বলতে থাকেন, “সরস্বতী তোর বাপকে বল যেখানে খুশী, যার কাছে খুশী যাক, কিন্তু যাবার আগে বাজার হাট করে দিয়ে যাক, তা না হ'লে এত বড় গুষ্টির পিণ্ডি চটকাব কি করে। ওর কি, যেখানে সেখানে ঘুরে বেড়াবে। ছাই পাঁশ খাবে, যেখানে সেখানে পড়ে থাকবে। আজ একবার নন্দী ভৃঙ্গী আসুক না, ঝাঁটা মেরে তাড়াবো দুটোকে”। মায়ের এই রুদ্র মূর্তি দেখে সরস্বতীর তো ভিরমি খাবার জোগাড়। বাবার সাথে তার খুব ভাব, তাই সাহস করে সরস্বতী বাবাকে জিজ্ঞেস করে, “মায়ের কি হয়েছে বাবা, এমন করছে কেন ? সকাল থেকে দুঃখ দুঃখ, রাগী রাগী মুখ নিয়ে নিজের মনে কাজ করে যাচ্ছে। আমি এক দু'বার মায়ের সাথে কথা বলতে গিয়ে ধমক খেয়ে ফিরে এলাম। একবার তো লক্ষ্য করলাম মায়ের চোখে জল”। মহাদেব মেয়ের কথার কোন জবাব না দিয়ে চুপচাপ বাজারের থলি হাতে ঘর থেকে বেরিয়ে যান।

          বাজার থেকে ফিরে থলিটা নামিয়ে রেখে মহাদেব সটান রান্নাঘরে গিয়ে পার্বতীর দুটো হাত ধরে বলেন, “ক্ষমা করে দাও প্লিজ, আর কক্ষনো এমনটা হ'বে না। আর তা ছাড়া এত লক্ষ বছর পার করে এলাম, কখনও কি এমন ঘটনা ঘটেছে ? আমি যে তোমাকে অনেক ভালবাসি। তাও ভাবছি তোমার সাথে এমনটা কি করে করলাম। তুমি আমায় মাফ না করলে আমি যে মর্মে মরে যাব। ভক্তের সাধনায় আমি এমনভাবে মুগ্ধ হয়ে নিবিষ্ট হয়ে পড়েছিলাম যে বাড়ী ফেরার কথা ভুলেই গেছলাম। তোমার ব্যথাভরা, বেদনার্ত মুখটা আমি দেখতে পারছি না। বুকের ভিতরটায় আমার যেন হাতুড়ির ঘা পড়ছে। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও আর আবার তুমি স্বাভাবিক হয়ে যাও”। পার্বতীর পক্ষে আর বেশীক্ষণ রাগ বা দুঃখ পুষে রাখা সম্ভব হয় না। তিনি ভাবেন সত্যিই তো তিনি তো এই লক্ষ লক্ষ বছরে কখনও, কোন অবস্থাতেই তাঁকে অবহেলা করেন নি। সুখে, আনন্দে, ঐশ্বর্যে, ভালবাসায় ভরিয়ে রেখেছেন তাঁর জীবন। উত্তরে পার্বতী কিছু বলার আগে মহাদেব আরও বলেন, “তুমি তো জগদম্বা, ভুবনেশ্বরী, ত্রিভুবনই তো তোমার বাসস্থান। এই কৈলাস পর্বতে না হয় আমাদের বিবাহ বার্ষিকীর তারিখ পার হয়ে গেছে, কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও তো এখনও আমাদের বিয়ের তারিখটা পার হয়ে যায়নি”। পার্বতীর জবাবের অপেক্ষা না করেই মহাদেব পার্বতীকে নিজের কাঁধের উপর চড়িয়ে মুহূর্তের মধ্যে আকাশপথে দ্রুতগামী রকেটের মত উড়তে উড়তে আমেরিকার ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরের সৈকতে নিয়ে গিয়ে কাঁধ থেকে নামিয়ে এক গুচ্ছ ফুল নিয়ে পার্বতীর দিকে বাড়িয়ে ধরে হাসি মুখে বলেন, “হ্যাপি ম্যারেজ অ্যানিভারসারি। মেনি মেনি হ্যাপি রিটারন্স অব দি ডে”।