গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

বুধবার, ১১ মে, ২০১৬

সাগরিকা ঘোষ




শব্দের তাপমাত্রা : প্রেম এবং প্রস্তাব






তাপমাত্রার পারদ তখন চল্লিশে, মন ভাল নেই ইমনের, থাকবে কি করে! এই গরমে কোথায় এসির হাওয়ায় বসে বসে ফেসবুক করবে তা নয় মায়ের হুকুম 'যা বাজার' তাও একরকম, মন্দ না, বিশেষ করে এখন আবার ইলিশের সময়, বাজার যেতে অসুবিধে নেই কোন, কিন্তু গল্প আছে! মায়ের টুম্পাকলি আসবে আজ; ফোন এ বায়না হয়ে গিয়েছে কাকিমা আজ কিন্তু পাতুরি চাইই চাই! ন্যাকামো যত্তসব! ভাবতে ভাবতে গালে শেভিং ক্রিম ঘশতে লাগলো!'ইমন! এই ইমন!!! বলি টুম্পা কি পাতুরি তোর বিয়ে লাগলে খাবে নাকি!! ' ইমন মনেমনে ভাবলো হ্যা তাহলেই হয়েছে আর কি! যা হিংসুটি এই টুম্পাকলি থুড়ি পাপিয়া যে ওর আগে যদি ইমনের বিয়ে হয়ে যায় কেঁদেই মরে যাবে! আহ! দারুন একটা ব্যাপার হবে যা হোক.... ভাবতে ভাবতে যেই সাইকেল টা নিয়ে বেরোবে ওমনি 'বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে/এই আসরে ইমন তুমি থেকো বন্ধু আমার পাশে' কি ইমন-সাহেব এখনো বাজার যেতে পারলে না! খিদে তে তো পেটে ছুঁচোরকেত্তন শুনতে পাচ্ছি! 'আবার তুই আমার নাম টা নিয়ে এরকম করছিস তো! আনবোই না ইলিশ আজ দেখ বাটা মাছের পাতুরি খাইয়ে বাড়ি পাঠাবো! ' বলতে বলতে সাইকেল বের করলো ইমন। ভারি আমায় বাড়ি পাঠাতে এলেন রে! আমি নিজেই তো বাড়ি চলে এলাম! বলতে বলতে মুচকি হেসে যেই পাপিয়া ঘরে ঢুকতে যাবে 'এই কি বললি? হতভাগা এটা আবার তোর বাড়ি কবে থেকে হল শুনি! ইয়ার্কি!' কাকিমা কাকিমা দেখো তোমার ছেলে কি বলছে! বলতে বলতে ছুট লাগালো রান্নাঘরের দিকে! ইমন ভাবলো এই সুযোগ কেটে পড়া যাক নাহলে মায়ের আর এক প্রস্থ বকবক শুনতে হবে...


গল্প যেরকম হওয়ার কথা...ইমনের বাবার ছোটবেলার বন্ধু, সেই ইকুয়েশন মিলিয়ে ইমন আর পাপিয়ার ও বন্ধু হওয়ার ই কথা কিন্তু পাপিয়া ইমনের বিশেষ বন্ধুত্বের প্রস্তাব শোনা মাত্র খারিজ করে দেওয়ায় আজ এই অবস্থা। যাইহোক ইলিশ মাছ আহা! ইমন নিশ্চয় ই আমাকে ভুলে যাবে না ভাবতে ভাবতে রান্নাঘরের দিকে হাঁটা লাগালাম! * কত ভালোবেসে শিল্পার জন্য কার্ড টা এঁকেছিলাম এই শয়তান টার হাতের লেখা ভালো তাই বলেছিলাম বাপু একটু লিখে দে না! উনিও ভালমানুষ সেজে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়! ওমা! পরের দিন সকালে মায়ের কি চিৎকার!! ' হ্যা তোর এত বড় সাহস তুই টুম্পা কে লাভ লেটার দিস! বাপের পয়সায় ফুটুনি! তুই ভাব্লি কি করে অত সুন্দর মেয়ে তোর এই বস্তাপচা কার্ডে গলে যাবে!! মেয়ে আমার রাজরানি হবে' চোখ কচলে উঠে দেখি এই শয়তান টা মিচকি মিচকি হাসছে! ওরে ব্যাটা তোর পেটে পেটে এত! মিথ্যে বদনামে জড়িয়ে মায়ের কাছে আরো ভাল হয়ে গেলো সেটা বড় কথা না বড় কথা হল শিল্পা কে আর বলা হয়ে উঠলো না কথা টা.. * ইমন টা না!! একেবারে ছেলেমানুষ!! সেই কবেকার একটা ব্যাপার! সেই নিয়ে এখনো রেগে থাকার মানে হয় কোন! শিল্পা কে আমি আগের দিন ই দেখলাম মিহির এর সাথে ভিক্টোরিয়া ঢুকছে তাও আবার হাত ধরে গুজগুজ করতে করতে আর পরের দিন আমি শিল্পা কে প্রেম পত্র লিখবো ইতি ইমন! খেয়ে দেয়ে কাজ কম পড়েছে নাকি! এটা ওকে তখন বললে শুনতো না তাই একটু মজা করে কাকিমা কে নাহয় বলেইছি ওরকম! সেই শাস্তি কিছু কম পেয়েছি আমি! তিন তিনটে মাস কথা বলতে পারিনি! এমন ভয় করতো! আর কথাও তো শোনাতো তেমন ভয় ধরার মতন ই! সেটা বুঝি কিছু নয়! * উফফ এই ইমন টা কি সত্যিই বাটা মাছ আনবে নাকি রে বাবা! এখনো আসছে না বাজার থেকে! এই টুম্পাকলি একটা ফোন লাগা না! টুম্পা মেয়ে টা খুব ভালো আমার কথা বুঝতে পেরেই তো ফোন নিয়ে রান্নাঘরের দিকে গেলো! কাকিমা কে দিয়ে ফোন করাবে! করা করা! আজ কলাপাতা চিবিয়ে খাবো! এই তো দরজায় নক করছে কেউ! ইমন তো এভাবে নক করে না! কে এল! এই কেউ দেখো না আমি তো ছাই হাত পাবো না! * কি সুন্দর রান্না করেছে মেয়েটা আহা! ইমনের বাবা কে আজ একবার বলবো! কিন্তু টুম্পার বাড়ির লোক কে নিয়ে না চিন্তা তো মেয়ে টা কে নিয়ে! মতিগতি বোঝা দায়! এই ফোনে বল লো কাকিমা তোমার হাতে করা পাতুরি খাবো আর এসে আমাকেই টেনে বসিয়ে দিলো বলে কিনা তুমি তো রোজ ই হেঁসেল ঠেলো কাকিমা আজ আমাকে ছেড়ে দাও তো দেখি! নাহয় পচা রান্নাই খাবে আজ! ওমা! পচা কোথায়! এইটুকু মেয়ে! কি ভাল রেঁধেছে! ইমন চেটেপুটে খাচ্ছে একেবারে যদিও ও জানে না কে রেঁধেছে! টুম্পার লজ্জা করবে সবাই ওর রান্না নিয়ে কথা বললে! পাগলি একটা... খেয়ে আর না বসেই বেড়িয়ে গেলো কি না বাড়ি গিয়ে হাত পা ছড়িয়ে শোবে! ওহ কি একটা দিলো! এই তো! এই তো সাদাটে খাম টা! ইমন কে দিতে হবে কি যেন দরকারি কাগজপত্র আছে; যাই দিয়ে আসি। * 'আত্মসমর্পণ এর নয়, তোর ভালোবাসার রঙের সাদা... রান্না টা ভালো লেগেছে? তালে কি আমরা দুজনে একবার ট্রাই করে দেখতে পারি? না মানে শিল্পা কে পরে ওই মিহির ছোঁড়ার সাথে তুই ও দেখেছিস! আর তুই যা কাটখোট্টা আমি যে নিজে থেকে বলছি এই তোর কপাল ভাল; ভেবে দেখিস!’ এটা কি! এইরকম লাভ-লেটার? তাও আবার ওই কাব্যি করা মেয়ের! আবার আমাকে বলছে কিনা কাঠখোট্টা! বাহ! না হলে আর মায়ের সাথে জমে! কিরে কুচু? কি করবো! তোর পছন্দ টুম্পারানী কে? ওহ ছাড় তুই আবার কি বুঝবি! * হ্যাঁ! টুম্পাকলির চিঠি টা কে মুখে করে আনলো শুনি! আমি তো আগে থেকেই জানতুম! আবার আমাকে বলা হচ্ছে 'কি বুঝবি!' মানুষের কাজকারবার ই এরকম!


যত্তসব! মিয়াও!


অলভ্য ঘোষ


স্বপ্নের-ফেরিওলা

একটা কাঠঠোকরা পাখি সাত রঙের ডানা ঝাপটিয়ে উড়ে গেল সায়ক গাছটার কাছে যেতেই ; তার ডানা থেকে একটা পালক খসে পড়ে তখনো হাওয়ায় ভাসতে ভাসতে  সায়কের মুখের সামনে থেকে পড়লো মাটিতে । সায়ক সেটা হাতে তুলে চোখ বন্ধকরে গালে বুলল । চোখ বন্ধ অবস্থায় সায়কের মনে হল আকাশে রামধনু আকাশ ছেড়ে তার পায়ের কাছে যেন এক মহাসমুদ্র নির্মাণ করেছে । তার পর সেই রং ধার করে বৃহৎ-সুন্দরী গাছটার আশেপাশের চাতাল জুড়ে অপরিচিত সব অপূর্ব ফুলের বাগিচায় ঢেকে গেল মুহূর্তে । হরেক রংয়ের প্রজাপতিদের ঢল নামলো নিমিষে । বৃষ্টির মতো তারা ফুলের ওপর ঝরে পড়লো । কয়েকটা সায়কের মাথায় বুকে উড়ে এসে বসতে ভুল করলো না । সায়কের একবার হৃদপিণ্ডের কাছাকাছি বসা প্রজাপতিটাকে হাত দিয়ে স্পর্শ করার ইচ্ছে হল ; পরক্ষনেই মনে হল যে তার মনের এত কাছাকাছি এসে ধরা দিয়েছে হাত দিয়ে ধরতে গিয়ে যদি সে উড়ে যায় । ওরা জানে মানুষ ফুলছেরে গাছ কাটে , পশুদের কাছে এমন ভয় নেই । লোভ সংবরণ করে প্রাপ্তি টুকুতেই যখন আনন্দ পাচ্ছিল সায়ক ; হটাৎ একটা ঠাণ্ডা নরম স্পর্শ সে তার পায়ের ওপর অনুভব করে । সাপের গা ঠাণ্ডা হয় ; আর  বাগানে সেটি থাকা কিছু অসম্ভব নয় । সাপ অনুমানেই সায়ক চোখ খুলে দেখল ওটা একটা গিরগিটি । করাতের খাঁজ কাটা পিট , ডায়নোসার মতো দেখতে বড় গিরগিটিটা শুকনো পাতার ওপর থেকে করমর শব্দ তুলে ঘার ঘুরিয়ে সায়কের দিকে দেখতে দেখতে গাছটার আড়ালে পালায় । সায়ক চোখ খুলে কিছুটা হতাশ হয়ে ছিল ফুলের বাগিচার বদলে শুকনো পাতার আবর্জনায় প্রজাপতিদের সমারোহের বদলে এই গিরগিটিটাকে আবিষ্কার করে । তবে সে রুক্ষতা কাটিয়ে পরিবেশের সাথে রং মিলিয়ে মিলিয়ে সায়ক আর প্রকৃতির সাথে লুকোচুরি খেলা বহুরূপী গিরগিটি টাকে সায়কের এবার বেশ ভাল লাগে । গিরগিটি টাকে যখন আর গাছের পেছনে লুকিয়ে পড়ায় দেখা যাচ্ছিলো না তখন সায়ক সেখানে গিয়ে উপস্থিত হতেগেলে একটা কাঠবেরালি তার সামনে দিয়ে ছুটে পালায় ।
সে যেন বলে ;
- বাঁচতে চাও তো পালাও এখান দিয়ে ।
সায়কের মনে হল এ তার শোনার ভুল । সে জানে ডারউইনের তথ্য ; বাঁচতে হলে এ পৃথিবীতে পালানো চলেনা লড়তে হয় । যে লড়ে সেই বাঁচে । যে লড়তে জানে না সে বাঁচতেও জানেনা । মৃত্যু এখানে ছায়ার মতো মানুষের পিছু ধাওয়া করে আর মানুষ সম্মুখ সমরে তাকে বারবার পরাস্ত করে জীবনকে রাজ মুকুট পড়ায় । পিছু পালালেও যখন মৃত্যুর হাত থেকে রেহাই নেই ; বুদ্ধিমানের কাজ মৃত্যুকে বরন করে তার মোকাবিলা করা । মাথায় চড়িয়ে তাকে শাসন করতে না দিয়ে পোষা কুকুরের মতো বস করা । গাছের পেছনে গিয়ে সে দেখল গাছের গায়ে একটা বিশাল গর্ত আর সেই গর্তের গা বেয়ে সাড়ি সাড়ি লাল কাঠ পিঁপড়ে মুখে করে ডিম নিয়ে উদ্বাস্তুদের মতো দেশান্তরিত হচ্ছে ।
সায়ক মনে মনে যেন তাদের জিজ্ঞেস করলো ;
- কোথায় চললে তোমরা ?
তারা যেন চি চি করে বলল ;
- এক স্বপ্ন-পুরিতে । ভারি সুন্দর স্বপ্নের মত সে জায়গা ।
সায়ক বলল
- সেখানে কী কী রং আছে ?
তারা বলল
- হরেক । শুধু দেখার মতো চোখ চাই ।
সায়কের মনে হল পিঁপড়ের সাথে কথোপকথন শোনার কান ও অনেকের থাকে না । তার চেনা বন্ধুদের অনেকের মুখ তার মনে পড়লো ; বধির আড়ষ্ট সেই পাথরের মতো মুখ গুলোর ওপর সায়ক দেখল ঝলসে চলেছে নানা ভি ডি ও গেমের আলো আঁধারি । যখন মেশিন গানের আওয়াজ ; বাইকের রেস ; থ্রিলার মিউজিকের ককটেল সায়কের শিরা উপশিরা বেয়ে চৈতন্যকে তার বন্ধুদের মতো বসকরে নিচ্ছিল ;সায়ক কানে হাত চাপাদিয়ে চোখ বন্ধ করেনিল । সমস্ত আওয়াজ ঢাকা পড়ে গিয়ে একটা নিস্তব্ধতা নেমে এলো সমস্ত চরাচরে । ধীর স্থির ধ্যান ভাঙ্গা ঋষির মতো সায়ক চোখ খুলে তাকাল বুড় গাছটার প্রকাণ্ড কাণ্ডের গায়ে ক্ষোদিত বিশাল আকার গর্তটার দিকে । সে দেখল পিঁপড়েদের মিছিল শেষ হয়ে গিয়েছে । হরেক রং - হরেক সাদ সায়কও পেতে চায় স্পর্শ ,গন্ধ , অনুভবে হৃদয়ের চোখ দিয়ে  ; মস্তিষ্কের বুদ্ধি-দিয়ে ; এই মহাবিশ্বের তিলবৎ সৌন্দর্য ও যেন তার দৃষ্টির অগোচরে গিয়ে চেতনাকে অভিষিক্ত করতে ভুলে না যায় । তাই সায়ক স্বপ্ন-পুরি এক স্বপ্নের রাজত্বে যাবার উদ্দেশ্যে বড় গর্তটার কাছে এগিয়ে গেল  ।
সায়ক দেখতে পেল বড় গর্তটার গা বেয়ে বৃহৎ গাছটার কাণ্ডের  ভেতর একটা সিঁড়ি পথ অন্ধকার গুহার প্রবেশ দারের মতো এগিয়ে চলেছে ভূপৃষ্ঠের কেন্দ্রের দিকে । মশালের মতো জোনাকির আলো তাকে পথ দেখিয়ে নিয়ে চলল । পথে সায়ক দেখতে পেল সিঁড়ির অনেকটা দূরে সেই গিরগিটি টাকে । তার কিছু পেছনে পিঁপড়ের মিছিল টা এগিয়ে চলেছে । সায়ক বুঝল সকলেই চলেছে  ওই স্বপ্নের রাজ্যের দিকে । হটাৎ অন্ধকারে ওৎপেতে বসে থাকা একটা পেঁচা উড়ে এসে গিরগিটি টায় ছোঁ মারে ; ধরে নিয়ে চলে যায় । কয়েক টা বাদুর ফরফর করে উড়ে চলে যায় সায়কের মাথার ওপর দিয়ে বিকট আওয়াজ করে । পিঁপড়ে গুলো মিছিল ভেঙ্গে ছোটা ছুটি করে । সায়ক প্রথমে কিছুটা ভয় পেলেও নিজেকে সংযত করে। সে জানে ভয়কে প্রশ্রয় না দিয়ে জয় করতে হয়  । না হলে ভয়ের আসংখ্যায় জীবের অনেক মূল্যবান কার্য অধরা থেকে যায় । দূরে সিঁড়ির শেষে সায়ক দেখতে পেল আলোক সাগরের ঢেউ । অসম্ভব রোমাঞ্চ নিয়ে যখন সায়ক সিঁড়ির কিনারায় গিয়ে পৌঁছল সিঁড়ির ওপর বসে আকাশ থেকে পৃথিবী দেখার মতো দেখল একটা নতুন দেশকে মাকড়সার জালে বেষ্টিত সিঁড়ির শেষ প্রান্তের গহ্বর মুখ থেকে। এখানে নাগরিক সভ্যতার ধূয়া -গ্যাস ,গাড়ি- ঘোড়া , বড় বড় বিল্ডিং , লাইট পোস্ট ,ফ্লাইওভার, কারখানার চিমনি কিংবা ওয়ারলেস - টি.ভি অথবা টেলিফোনের টাওয়ার নিদেন পক্ষে খাবার জলের উঁচু ট্যাঙ্ক কিছুই দেখা গেল না । দেখা গেল শুধু একটা সমুদ্র আর রাশি রাশি ফুল আর ফলের বাগান সমুদ্র তটে । সে সব বাগানে কাজকরা মানুষ গুলোকে ওপর থেকে পিঁপড়ের মতো দেখাল সায়কের চোখে । এদিকে সেই মিছিলের লাল কাট পিঁপড়ে গুলো সিঁড়ির শেষের এই মাকড়সার জালে আটকে ছটপট করছিল । বেশির ভাগের মুখ থেকে ডিম গুলোখসে পড়েছিল সমুদ্রের জলে । এটুকু ভেবে পিঁপড়েরা আস্বস্হ ছিল তারা সে সুন্দর দেশে পৌঁছাতে না পাড়লেও তার ছানারা পাবে এক সুন্দর পৃথিবীর সাদ ।
সায়ক ভাবে যে জাল থেকে একটা পিঁপড়েও গলতে পারেনা সেই মিহি জাল টপকে সেও বা সে দেশে যাবে কিকরে । মাকড়সার জালের ফাঁক থেকে সে আবার দেশটাকে দেখে ; সমুদ্রের বুকে বড় বড় জাহাজ ভাসছে না । ছোট একটা ডিঙ্গির ও দেখা মেলা ভার । শুধু রূপোর মতো চিকচিক করা কূল কিনারা হীন জলরাশি যেন জ্ঞান গর্ভ গভীরতা বুকে ধরে অপেক্ষা করছে কোন এক দেব দূতের যে এসে ডুব সাতরে  তার গভীরতায় পৌঁছে সঞ্চয় করবে জ্ঞানের মণিমাণিক্য ।

কিন্তু সে দেবদূত কোথায় ?
অনেক টা ঝুঁকে অনেক ওপর থেকে সায়ক সেই দেব দূতের সন্ধান করতে করতে হটাৎ হরকে পড়লো মাকড়সার জালে ।
বোধয় সায়ক কে দেখেই মাকড়সা টা কোথাও কাছাকাছি লুকিয়ে পরেছিল । সে জালে জড়িয়ে পড়তেই লোমশ বড় বড় ঠ্যাং গুলো নিয়ে সে জাল বেয়ে সায়কের ওপর ঝাঁপিয়ে পড়লো । মুখ দিয়ে জাল বুনে সায়কের হাত পা বেঁধে ফেলার চেষ্টা করলো সায়ক যখন হাতপা ছুড়ে তাকে প্রতিরোধ করার চেষ্টা করছিল সহায় হল সরবো হারা পিঁপড়ে গুলো । তারা মরণকামড় দিয়ে বসলো মাকড়সার সারা দেহে ।
সায়ক সুযোগ বুঝে হাতদিয়ে মাকড়সার জাল ছিঁড়তে লাগলো সে জাল এতো মজবুত আর মায়াবী কষ্ট করে ছিঁড়লেও সাথে সাথে জোড়া লেগে যায় । অনেক কষ্টে জালে একটা বড় ছিদ্র বানিয়ে সেখান থেকে সায়ক মহাকাশচারীর পৃথিবীতে ফিরে আসার মতো টুপ করে ঝরে পরে সমুদ্রের জলে ।

অনেক ওপর থেকে পড়ায় সমুদ্রের অনেকটা গভীরে চলে যায় সায়ক । সমুদ্রের তলায় কোরালের নগরের ওপরে মাছদের ঝাঁক যুদ্ধের এরোপ্লেনের মতো পাক খাচ্ছিল । সায়ককে দেখে একটা অক্টোপাস সড়ে গেলে কোরালের ওপর রাখা তার পেটের তলায় একটা নীল জ্ঞান নীলায়  সূর্যের আলো পরে নীল শিখায় জলের ওপর প্রতিফলিত হয়ে পড়ে । ডুবুরির মতো ডুবসাঁতারে সেটার কাছে গিয়ে  সায়ক সেটা সংগ্রহ করে । নীলা টা হাতে তুলে নেবার সময় জেলির মতো একটা চটচটে পদার্থ কোরালের গা থেকে তার হাতে সে অনুভব করে ।
তার তালু বদ্ধ নীলা টা সায়কের যেন মনে হল কথা বলছে ।
- আমায় সঞ্চয় করে তোমার কী লাভ ?
সায়ক বলে ;
- বা জ্ঞান অর্জন করতে কে না চায় ।
নীলা বলে ;
- সে তুমি করেছো । অনুসন্ধান করতে করতে তুমি আমার এতো কাছে পৌঁছে আমার সম্পর্কে সমস্ত কিছু জেনে নিয়েছ । আমার  বাহ্যিক নীল শরীর টা সঞ্চয় না করলেই নয় । জ্ঞান তো মগজে সঞ্চিত; সম্পদ সঞ্চয় করে কী লাভ । আমার জন্য ; চোরে সিঁদ কাটবে , ডাকাতে তোমায় লুট করবে,লোভী প্রতিবেশী বা নিকট আত্মীয় তোমাকে ঠকাবে , প্রিয় বন্ধু বিশ্বাস ঘাতকতা করবে । এই সবকিছুই যখন একটা পাথরের টুকরোর জন্য তা হলে সেটা বর্জন করনা কেন বাপু । যে সম্পদ মানুষে মানুষে সম্পর্ক নষ্ট করে ; জানি না তোমরা মানুষ সে সম্পদ অধিকারে কী লাভ পাও । তোমার অন্তরে সিঁদকাটার কিংবা মস্তিষ্কে ডাকাতি করার সাধ্যি কার নেই । চুরি ডাকাতি দুরের কথা তোমার মনের মনি মাণিক্য যদি বিশ্বাস ঘাতকতা করেও কেউ নিতে চায় ধরা পরে যাবে ।
সায়কের মনে হল সে নতুন কত কিছু শিখল । যা তার পড়ার বইয়ের কোথাও লেখানেই । নীলাকে ধন্যবাদ জানাবে বলে সে যেই না হাতের মুঠো খুলল দেখল শুধু তার হাতের মধ্যে একরাশ বুজ-বুজ সমুদ্রের ফেনার মতো মিলিয়ে যাচ্ছে । সায়ক হতাশ হল না বুঝল কোনকিছুর প্রাপ্তি অপ্রাপ্তির চেয়ে বড় ভেবে দেখা সেটা আদপে কতটা  জীবনের প্রয়োজনীয় ।
সে ডুবুরির মতো যখন ওপরে ভেসে উটতে লাগলো দীর্ঘায়ু একটা কচ্ছপ তার পাশ থেকে ভেসে গেল । খরগোসের সাথে দৌড় প্রতিযোগিতায় কচ্ছপের জেতার গল্প সকলে জানে ;  কচ্ছপের মন্থরতা সম্পর্কে অভিযোগ সর্বজন অবিদিত । তবে এই উভয় চর টি এখন তার সম্পর্কিত সমস্ত অভিযোগ খণ্ডন করে সাঁ সাঁ করে সায়কের সামনে থেকে ডাঙ্গার দিকে ভেসে চলল ।
যাবার সময় সে যেন সায়কের কানে কানে বলে গেল ;
-সময়ের সাথে তাল-মিলিয়ে গতিশীল হয়েছি আমরা । বলতে পারো এটা আমাদের অভিযোজন ।
সায়ক বলে ;
-ধীরে কিন্তু দৃঢ়তার সাথে সে চলে । লম্বা দৌড় জিততে হলে দম সঞ্চয় করা খুব জরুরি ।
সায়ক যে অভ্রান্ত প্রমাণিত হল মাঝপথে কচ্ছপকে হাঁপিয়ে হাবুডুবু খেতে দেখে । লুকিয়ে পড়া লাল ক্যাঁকরা দের গর্তের পাশে সায়ক যখন পারে উঠে বালুকা তটে এক বুক নিঃশ্বাস নিয়ে বেশ কিছুটা সতেজ হয়ে উঠে সে দেশ দেখতে যাবার উপক্রম করছিল । কচ্ছপ টা পারে পৌঁছায় ।
সায়ক বলে ;
-  জীবনের প্রতিটি মুহূর্তই কিন্তু জীবন থেকে শিক্ষা নেওয়ার; তোমার আয়ু তিনশো বছরের কতকিছু শিখবে বলো দেখি ।
এমুহূর্তে সেই কচ্ছপ যে কি শিক্ষা পেল হাঁপিয়ে উঠে সে কিছুই বলতে পারলো না ; হা করে শুধু সমুদ্র পারের বাতাস নিতে থাকলো ।
তখনি একটা অতভূত বাঁশির সুর দূরে কোথায় বেজে উঠলো । সেই বাঁশির সুরের মূর্ছনায় মোহিত হয়ে শরীরের সমস্ত ক্লান্তি ভুলে সায়ক এগিয়ে চলল নতুন দেশের সুর সাগরের দিকে । সাগর য়ই বটে ; সমুদ্রের চড়ার বড়  বাঁকটা পেরতেই বাঁশির সুরটা অসংখ্য বাদ্যযন্ত্রের কনসাটে রূপান্তরিত হয়ে উঠেছিল । যা সে আগে কোন দিন শোনেনি । সায়ক যখন বিচিত্র সুরের বাদ্য যন্ত্রের উৎস স্থলে গিয়ে পৌঁছল দেখল সে এক মহা মিলন সমারোহ । আমাদের দোতারা , বীণা , সন্তুর তো আছেই; সাথে আছে প্যরাগুয়ান বীণা , জাপানি কোটো , ত্রিনিদাদের ইস্পাত চাটু ,চীনা ইয়ানজিকিন , অস্ট্রেলিয়ান ডিডজেরিডোও আর কতকি ।বিভিন্ন বর্ণের ; বিভিন্ন পোশাকের ; নানা রকম বাদ্যযন্ত্র ধারী একদল লোক ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত হয়ে এই মিলন মেলায় তাদের ভাবের আদান প্রদান করছে সুরের মাধ্যমে । আনন্দের সুরে প্রত্যেকে নাচছে ; আবার করুন সুরে সকলে কেমন যেন গম্ভীর হয়ে উঠছে । বিষণ্ণতা হতাশার সুর কার কাছে আশার হতে পারে না। সায়ক এই প্রথম বুঝল একমাত্র সুরের  একটা সার্বজনীন ভাষা আছে । যেমন চিত্র দেখে চিত্রকারের মনের ভাব বুঝি আমাদের সাথে চিত্রকারের মনের সংযোগ ও জারণে সংমিশ্রণ হয় । সঙ্গীতেও এ শক্তি বিদ্যমান । সঙ্গীতে যদি বিদেশী ভাষার ব্যাবহার থাকে আর আমরা যদি সে ভাষা নাও জানি এটুকু বুঝতে অসুবিধা হয় না সেটা আমার কোন ভাবকে জাগিয়ে তুলছে ভালবাসার না ঘৃণার । আসলে মানুষের কয়েক টি মৌলিক বৈশিষ্ট্য জাতি -ধর্ম-বর্ণ ; দেশ -কাল-পাত্র নির্বিশেষে এক । যেমন জাতীয়তা বোধ বা দেশপ্রেম । আর সেই বৈশিষ্ট্য গুলোই মনে অধিক আলোড়ন ঘটালে সুরের মূর্ছনায় তার বহি প্রকাশ ঘটে । সঙ্গীত হয়ে ওঠে সকলের । অতি বড় নিষ্ঠুর ব্যক্তিও গান শুনে কানে হাত চাপা দেয়না ।

সায়ক যখন সুরের মূর্ছনায় আপ্লুত হয়ে উঠেছিল সুযোগ পেয়ে বাঁশিওলা আবার বাজাতে শুরু করলে সমারোহের মাঝখানে সায়ক তাকে আবিষ্কার করে । কাঁধে তার ঝোলা ব্যাগ আর ব্যাগ ভর্তি বাঁশি । সায়কের মনে হল অমন বাঁশি তার যদি থাকতো হৃদয় মিলিয়ে পৃথিবীর সবার সাথে ইংরাজি , ফার্সি, আরবি না শিখেও ভাবের আদান প্রদান করতে পারতো অনায়াসে ।
নানা বর্ণের মানুষের ভিড় ঠেলে সায়ক যখন বাঁশি আলার দিকে এগিয়ে চলল সে তখন অন্য কোন সমারোহে প্রদীপ প্রজ্বলনের উদ্দেশ্যে চলল । সায়ক কে সে লক্ষও করল না ; ভিড়ের মধ্যে হারিয়ে গেল ।

ভিড় পেছনে ফেলে ছুটে সমুদ্র তটের আর কিছুটা এগিয়ে গেলে সায়ক আবার শুনতে পায় সেই বাঁশিওলার সুর । সায়ক ছুটে চলল দুই একবার সমুদ্র পাড়ের বালির ওপর পড়ে গেলেও সে থামল না । সমুদ্রের পাড়ের নতুন বাঁকটায় এসে দিগন্ত বিস্তৃত পটে আর কাউকে দেখতে পেল না সে । সা সা করে বয়ে আসা দমকা হাওয়ায় সমুদ্রের গর্জনের সাথে একখণ্ড বাঁশির সুর তখনো লেগে । সুরটা যেন সায়ক কে কানে কানে অনন্তের পথের মোরে বাঁশিওলার ঠিকানা দেয় । সায়ক ঊর্ধ্বশ্বাসে ছোটে ।
আর একটা বাঁকের পর সে দূরে বাঁশিওলা কে দেখতে পায় । অনন্তের পথে আপনমনে বাঁশি বাজিয়ে পায়ে পায়ে এগিয়ে চলেছে সে ; কোন অচেনা রঙ্গের সন্ধানে অপর কোন অচেনা স্বপ্নরাজ্যে । সায়ক ছুটেগিয়ে যখন তার ঝোলা টেনে ধরল ;একটা বিভেদ  , বৈষম্য, বিচ্ছিন্নতা হীন ব্যাপ্ত সুরের বাঁশির জন্য । সায়কের  কক্ষচ্যুতি ঘটলো ।

মা রান্না ঘর থেকে এসে পটাস করে আটা মাখা হাতেই স্কেলের বাড়ি বসাল সায়কের পিঠে । ডেক্সের ওপর থেকে চোখ মুছতে মুছতে মায়ের দিকে তাকিয়ে দেখল চক্ষু তার রক্ত বর্ণ ।
- হোম-ওয়ার্ক করতে বসলেই ঘুমপায় না । তারা তারি কমপ্লিট কর আমি রান্না সেড়ে এসে দেখবো । বিকালে আবার আঁকা স্কুলে যেতে হবে । কাল পাড়ায় আঁকা প্রতিযোগিতা আছে । গত বার যা এঁকেছিলি আমি কার কাছে মুখ দেখাতে পারি নি ।

পরের দিন যেমন খুশি আঁক প্রতিযোগিতায় সায়ক মনে করেকরে তার স্বপ্নের ফেরি-ওলার ছবি আঁকতে আঁকতে সময় পেরিয়ে গেল । ছবি টি আর সম্পূর্ণ হল না ।
গত বছরের মতো এবার টুবলু প্রথম হওয়ায় তার মা বেস ভিজিয়ে ভিজিয়ে ছেলের গুণকীর্তন করলো । সায়কের মা মনমরা হয়ে বাড়ি ফিরে সায়ক কে আবার ঠেঙ্গাল ।
- গাধা টা তোর দারা কিছুই হবে না ।
সায়ক কাঁদতে কাঁদতে বললো ;
- হবে কী করে স্বপ্ন টা পুরপুরি দেখতে দিলে ।
আবার স্বপ্নের কথা শুনে সায়কের মা আর চোটে গেল । কান ধরে টানতে টানতে নিয়ে চলল বেডরুমে ;
- রাত দিন সুযোগ পেলেই শুধু ঘুম আর হাবি যাবি স্বপ্ন ।
সায়ক যন্ত্রনায় কাতরে উঠে বললো
- কান ছারো লাগছে ; আজ পর্যন্ত আমার কোন স্বপ্নই তুমি পুর পুরি দেখতে দাওনি ।
সায়কের মা আর চেঁচিয়ে ওঠে ;
- তুই ক্লাসে ফাস্ট হবি; আঁকায় Distinction পাবি ; কম্পিউটারে তোর দখল থাকবে সকলের থেকে ভাল ; তোর সাথে জেনারেল নলেজে কেউ পারবে না । এ গুলো আমার স্বপ্ন । আমার কোন স্বপ্ন টা তুই পুড়ন করছিস বল দেখি ?
সায়ক বিরক্ত হয়ে বলে ;
- তোমার স্বপ্ন তুমি দেখ; আমার স্বপ্ন আমাকে দেখতে দাও ।
এবার সায়কের মা আরো রেগে গিয়ে তার পিটে কিল মারতে মারতে তাকে বেডরুমে আটকে দরজা বন্ধ করে দেয় ।
- আজ থেকে তোর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ ।

রাতে কাজ থেকে ফিরে বাবা সে ঘরের শিকল খুলে ঘরে ঢুকে দেখল সায়ক অঘোরে ঘুমিয়ে কি যেন বির বির করে । সায়কের আর কাছে গেলে সে পরিষ্কার শুনতে পেল সায়ক বলছে ;
- ফেরি-ওলা তুমি তোমার বাঁশি বন্ধকরো এখান থেকে যাও । আমার মা তোমার সাথে আমায় দেখলে কষ্ট-পাবে । আমি মা কে কষ্ট দিতে চাইনা ।
সায়কের মা রাতের রান্না সেড়ে হন্তদন্ত হয়ে এসে বলে;
- ওকে ডেকে দাও । না খেয়ে শুলে আবার শরীর খারাপ করবে ।
সায়কের বাবা বলেন :
- আস্তে কথাবলো; এক দিন না খেয়ে শুলে কিছুই হবে না ।
সায়কের বাবার কাছে সায়কের ঘুমন্ত প্রলাপ শুনে মার চক্ষু ভিজে যায় ।
রাতে বিছানায় শুয়ে সায়কের বাব যখন তার মায়ের কাছ থেকে সংসারের খুঁটি নাটি খবর নিচ্ছিল সে শোনে সায়কের আঁকা সেই ফেরি ওলার কথা । গ্রামের বাড়ির রথের মেলায় এমনি একটা ফেরি-ওলার কাছথেকে সায়কের বাবা একটা আড় বাঁশি কিনেছিল শখকরে । বাঁশি বাজানোর তার ছিল খুব ইচ্ছে ; কিন্তু তার বাবা সায়কের ঠাকুর দা রাগ করতেন ; বলতেন  '' শেষ মেষ যাত্রা দলে গিয়ে ভিড়বে । " তার আর বাঁশি বাজানো হয়নি । সে এখন সরকারি দপ্তরের ক্লার্ক । অথচ তার বাড়িতে এক সময় রবীন্দ্র
নজরুলের ছড়াছড়ি ছিল । বাবা মহা মনবের উদাহরণ দিলে এদের কেই সামনে দাঁড় করাতেন । অথচ কোন দিনও বলেননি ; দুক্ষু-মিয়া যদি যাত্রাদলে বাঁশি বাজিয়ে কাজি নজরুল হতে পারে '' আমাগো পোলা বাজাইলে জাত জাইবো কেন ? ''
অনেক রাত অব্ধি সায়কের বাবার আর ঘুম এলো না । বাল্য স্মৃতি সংরক্ষিত একটা টিনের বাক্সর মধ্যের লাট্টু , লেত্তি , লাটাই , গুলি কতকিছু সে উলটে পালটে দেখে শেষমেশ তার সেই মেলায় কেনা আড় বাঁশিটা হাতে তুলে নিল ।

পরের দিন সকালে সায়কের বালিশের তলায় সায়ক আবিষ্কার করলো তার স্বপ্নের ফেরি-ওলার সেই বাঁশি। সেটা স্বপ্ন না সত্যি; বোঝার জন্য সায়ক নিজেকে চিমটি-কাটে ।

মনোজিৎকুমার দাস



এল ভাইরাস 

এলাকায় উদ্ভট উদ্ভট ক্রিয়াকলাপ চলছে ।“এল ভাইরাসের আক্রমণ দেখা দেছে” সদু পাগলা বলে বেড়াতে লাগল । সদু ৪ বার স্কুল ফাইনাল ফেল করেও নিজেকে পণ্ডিত মনে করে ।সদু বলল,"আগে অল্প বয়সী ছেলেমেয়েরা এল ভাইরাসে আক্রান্ত হতো ৩০,৩৫ বছরের আন্টিরা এল ভাইরাসে আক্রান্ত হচ্ছে । "
সদুর কথা শুনে পানু পরামিক বলল,"নিপা ভাইরাস,জিকা ভাইরাসের কথা শুনেছি । এল ভাইরাসে কথা তো জীবনে শুনিনি ।"                                                                                                                           "তুমি তো বইয়ে মুখ গুজে পড়ে থাক । বর্তমান কালের এল ভাইরাসের কথা শুনবে কোথা থেকে ! " সদু অস্বস্তি প্রকাশ করে বলল ।                                                                      "এল ভাইরাসে ধরেছিল দুই ছাওয়ালে মা ৩০/৩১বছর বয়সী ছবিরণকে , এক রাতে সোমত্ত বয়সী ছবিরণ ছাওয়াল দুটো ও সোয়ামীকে ফেলে রেখে লাপাত্তা ।
 ছবিরণের সোয়ামী কালু ব্যাপারী তো পাগল হবার দশা ,বুকে দুধ দেয়া ছাওয়ালটাকে রেখে দশ বছর ঘর করা ছবিরণ কোথায় গেল ! ছবিরণের স্তন দুটো দুধে টসটসে , সেই স্তনের দুধ না খায়িয়ে ছবিরণ কারো সাথে পালাত পারে তা কালু বিশ্বাস করতেই পারছে না ।

 কালু মা নিজের ছাওয়াল কালুকে বলল," কয়েকদিন ধরে গোলাপ তরফদার ছাওয়াল ময়না তরফদার তুই বাড়ি না থাকলি তোর বৌয়ের কাছে আসতে দেখিছিলাম ,ভাবী ভাবী বলে ঘরে ঢুকে গপ্পটপ্প করতি দেহিছি ।"

 মায়ের কথা শুনে কালু মনে মনে ভাবল , লিকলিকে চেহারার ময়নাকে তো আমিও আমাগেরে বাড়ির পাশে কয়েকদিন ঘোরাফিরা করতি দেহিছি । তবে কী ! ছবিরণের মোবাইলটা না পেয়ে কালু নিশ্চিত  হয় ছবিরণ কারো না কারো সাথে পালিয়ে গেছে ।কালু তার বৌয়ের খোঁজ পায় না তিন মাসের মধ্যে ,এদিকে ময়না তরফদারকেও বাড়িতে পাওয়া যায় না । মাস বছর খানেক পরে কালু খবর পায় ময়না নাকি ঢাকার বক্সি বাজারে রিক্সা চালায় ।তাদের গ্রামের মুন্সির পোলা তালেব আলি নাকি দেখেছে ।

 কালু মা ভাবে,নচ্ছার মেয়ে লোকটা ময়নার সঙ্গেই ভাগিছে । কিন্তু তা সে নিজের ছাওয়ালের কাছে বলতে সাহস পায় না । কালুর তক্কে থাকে তরফদার বাড়ির খোঁজ খবরের প্রতি । তরফদার বাড়ির বড় মহলে ঘুনিপাড়ার কানা ফতেউল্ল বৌ কাজ করে । কালুর মা তাকে লাগায় ময়নার মার থিকে খোঁজ খবর এনে দেবার জন্য । পানপাতা খাওয়ার অছিলায় কানা ফতেউল্লার বৌ ময়নার মা কাছে যায় । কোন কোন দিন সে কালুর মা কাছ থিকে দু একটা সুপারীও নিয়ে ময়না মা দেয় । ময়নার মা তাতে বেজায় খুশি হয় । সে সুখ দুঃখের গল্প বলে তার কাছে । ময়নার মা বলে , "আমার কপালে সুখ লেহা নেই লো । সুখ থাকলি ময়নার বাবা অকালে মরবি বা ক্যানে ।এতগুলো ছাওয়ালপল নিয়ে আমারিবা দুয়োরে বেড়াতি হতি হবি ক্যানে ।"
"কী কতা যে কও ময়নার মা ! তুমার বড় ছাওয়াল ময়না তো ডাংগর হয়ে উঠিছে,তারে তো বাড়িতি দেহিনে কত কাল,তারে কি মামু বাড়ি পাঠাই দিছো ,বু ?
"তার প্রশ্নশুনে ময়নার মা দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে ।তার মুখ দিয়ে কথা সরে না ।" ছাওয়ালের অনেক দিন দেহি না এতদিনি মর্দসর্দ হয়ে উঠিছে । মামুবাড়ি থিকে বাড়ি কাজেকর্মে লাগিয়ে দিলিই পার,আয়টায় করা ধরলি জোয়ান মিয়্যার সঙ্গে সাদি দিলি পারে তুমার ছাওয়াল ঘর ধরবিনি,যেকালের যে দাওয়াই তা দিলি পারে জুয়ান ছাওয়ালপল ঘর ধরে,তা তুমি বোঝ না বু !"কানা ফতেউল্লার বৌয়ে কথা শুনে ময়নার মা হাউ হাউ কেঁদে উঠে এক সময় হাটে হাঁডি ভেঙে দেয় ।
"ছিনাল মাগীটার পাল্লায় পড়ে আমার ময়ধা কী আর ময়না আছে !”
  ময়নার মা কথা শুনে কানা ফতেউল্লায় বৌয়ের মনে আশার আলো দেখা দেয় । সে ভাব,তাহলি পারে কালুর রসেবসে টসটসে বৌটাকে নিয়ে ময়নাকে কি মজা লুটতিছে ? সাতঘাটের পানি খাওয়া কানা ফতেউল্লায় শেষ পক্ষের বৌয়ের এসব বিষয়ে জ্ঞানগম্মি পাকা । সে ভাবে , সত্যিই যদি ময়নার মায়ের কতা মত ছিনাল মাগীটা ছবিরণ হয় তবে ময়না মালটা ভাল ভাগাইছে । উঠতি জুয়ান ছাওয়ালা পালি ছবিরণের মতো বয়সী ছিনাল মাগীরা পাগল হয়ে ওঠে ।

ওদিন সে ফিরে এসে কালুর মাকে বলে,ময়নার মায়ের কখায় মনে হল কালু বৌ ময়নার লগেই আছে ।রাতে একটু ফিরনি বানায়ে রাখবা,সকালে ওটা নিয়ে ময়নার মার কাছে আবার যাব ।দেহি ফিরনি থাওয়ায়ে তার কাছ থিকে কতা বের করতি পারি নাকি ।"সে ময়নার মাকে ফিরনি রান্না করে দিতে বলে ।
পরদিন কানা ফতেউল্লায় বৌ ফিরনি নিয়ে  ময়নার মার কাছে গিয়ে বলে ,"ফিরনির কথা বলিছিলে বু ,তাই এটা নিয়ে এলাম ।" ফিরনি পেয়ে তো ময়নার মা বেজায় খুশি । একথা সেকথার পর কানা ফতেউল্লার বৌ বলে," ফিরনি বানাতো কালুর বৌ , তা য্যনো এহন মুখি লাগে আছে ।"
এবার তার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বলে ময়নার মা," ওই ছিনালে কতা আমারে কবা না ।ক্যানে ? "তুমরা জান না,কালু বৌ ছবিরণ মুইয়ের ছাওয়ালটারে তুক করে নিয়ে ঢাকায় পলাইছে । "কী কও বু !"
"কী আর কব ! তুই ধুসসো মাগি,না হয় তোর গা গতরে জুয়ানকি রসে ভরা ,তাই বলে দুধ খাওয়ানে বাচ্চা ফেলে মুইর বাচ্ছা ছাওয়ালটাকে নিয়ে ভাঙলি ।মুইর ছাওয়ালেরও বলিহারি দেই,তুই ফরসা চমড়া দেহে পিরিতি মজে গেলি !"
কানা ফতেউল্লার বৌ খবরটা কালুর মার কাছে পৌছে দিতে দেরি করে না । এমন একটা খোঁজ ময়না তরফদারের খালাতো ভাই জলিলের কাছ থেকে আগেই কালু পেয়েছ ।জলিল তাকে কথা দেছে যে সে ওদেরকে গ্রামে ফিরিয়ে আনবে ।সত্যি সত্যিই সে কথা রাখে,রমজানের ঈদের আগে ময়না ও ছবিরণ গ্রামে ফিরে ময়নার বাড়ি ওঠে ।কালুরা ছাড়া গ্রামের অনেকেই ছবিরণকে দেখতে ময়নার বাড়ি যায় , তাদের মধ্যে কানা ফতেউল্লার বৌও ছিল । সে ছবিরণকে দেখে ভাবে,ওর স্বাস্থ্য চেহারার জেল্লা যেন আগের চেয়ে বেড়েছে ! কালুও থেমে থাকে না,সে ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালয়ে ময়না ও ছবিরণে নামে কেস করে ।
 যথারীতি কেস বিচারের জন্য উঠলে কালু ও ময়না উভয়েই তাদের নিজ নিজ বৌ বলে দাবী । ময়না ছবিরনকে বিয়ে করার কাগজ দাখিল করে । ছবিরণ যে বিয়ে করা বৌ তার প্রমাণ কালুকে দিতে হয় না,কারণ তার প্রমাণ তো সবাই জানে । অনেক বাকবিতন্ডার পর বিচারকরা রায় দেয় ছবিরন তার ইচ্ছে মত দু’জনের মধ্যে একজনকে সোয়ামী হিসেবে বেছে নিতে পারে ।
সবাই ভেবেছিল ছবিরন জোয়ান বয়সী ময়নাকেই সোয়ামী হিসাবে বেছে নেবে । ছবিরনের স্বামী সন্তানের কথা ভেবে মাথার ঘোমটার আড়াল থেকে যেন একটা বক্তৃতা ঝাড়ে ," আমি কি অজ্ঞানী মেয়ে,অমি একটা সৎ ভদ্র মেয়ে! আমি এক কতার লোক  আমি কি  সোয়ামী ও ছাওয়াল ঘরে যাব না আফনারা ভাবতি পারলেন কেমনে ?
 "সদু পাগলা বলে উঠে একেই বলে এল ভাইরাস মানে লাভ ভাইরাস ! দেখে শুনে মনে হচ্ছে ছবিরন এখন এল ভাইরাস থেকে মুক্ত!


সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

৫ম বর্ষ সংখ্যা ১২।। ২৬ এপ্রিল ২০১৬

এই সংখ্যার লেখকসূচি - সাঈদা মিমি, তাপসকিরণ রায়, সুবীর কুমার রায়, রুখসানা কাজল, মুস্তাইন সুজাত, দেবরাজ দাশগুপ্ত, অসিত চট্টোপাধ্যায়, বিদ্যুৎলেখা ঘোষ, নীহার চক্রবর্তী, দেবাশিস কোনার, শান্তিময় কর ও মনোজিৎ কুমার দাশ ।

            সূচিপত্রে লেখকের নামে ক্লিক করুন